ব্যুরো নিউজ, ২৯ জুলাই ২০২৬ : মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে নতুন একটি নিষেধাজ্ঞা বিলের প্রস্তাব এনেছে, যা ভারতের জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে। বুধবার মার্কিন সিনেটে এই বিলের উপর ভোট হওয়ার কথা রয়েছে। বিলটি আইনে পরিণত হলে, যেসব দেশ রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করে, তাদের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে ভারত, যারা ইউক্রেন যুদ্ধের পর থেকে সস্তায় রুশ তেলের অন্যতম প্রধান ক্রেতা, তারা বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।
প্রস্তাবিত এই বিলের মূল লক্ষ্য রাশিয়ার তেল ও গ্যাস বিক্রি থেকে প্রাপ্ত আয় কমিয়ে ইউক্রেন যুদ্ধে মস্কোর ওপর চাপ সৃষ্টি করা। একইসঙ্গে, এতে ইরানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা কঠোর করার প্রস্তাব রয়েছে। যদিও এই শুল্ক স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না এবং এর প্রয়োগ সম্পূর্ণভাবে মার্কিন প্রেসিডেন্টের বিবেচনার উপর নির্ভরশীল, তবুও এর সম্ভাবনা ভারতের জ্বালানি অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পারে। বর্তমানে, ভারত তুলনামূলক কম দামে রুশ তেল আমদানি করে দেশের জ্বালানি সরবরাহ বজায় রাখছে এবং শোধনাগারগুলির লাভের মার্জিন বাড়াচ্ছে। যদি এই বিল আইনে পরিণত হয় এবং শুল্ক আরোপিত হয়, তবে ভারতের জন্য জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। বিলটির নাম রাখা হয়েছে ‘Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026’।
এটি এখনও আইনে পরিণত হতে সিনেট এবং প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই অনুমোদিত হতে হবে, তারপর প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বিলটিকে সমর্থন করলেও, কিছু ডেমোক্র্যাট আইনপ্রণেতা এর বিরোধিতা করছেন, কারণ তাঁদের আশঙ্কা, এটি প্রেসিডেন্টকে অতিরিক্ত শুল্ক আরোপের ব্যাপক ক্ষমতা দেবে, যা মার্কিন মিত্র দেশগুলির ওপরও প্রভাব ফেলতে পারে।








