মামলা থাকলেও মিলবে ১০ বছরের পাসপোর্ট, ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের

মামলা থাকলেই পাসপোর্ট আটকে যাবে না, অভিযুক্ত হলেও মিলবে ১০ বছরের পাসপোর্ট। কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ে স্বস্তি পেলেন বহু মানুষ। বিচারপতি কৃষ্ণ রাওয়ের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ।

Share:

ব্যুরো নিউজ, ৬ আগস্ট ২০২ঃ: কোনও ব্যক্তির বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকলেই তাঁর পাসপোর্ট আটকে দেওয়া যাবে না বা তার মেয়াদ কমানো যাবে না। অভিযুক্ত ব্যক্তিরাও স্বাভাবিক মেয়াদের পাসপোর্ট পাওয়ার অধিকারী। এক ঐতিহাসিক রায়ে এমনই স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ রাওয়ের পর্যবেক্ষণ, পাসপোর্ট রাখা এবং বিদেশে যাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। পাসপোর্ট কর্তৃপক্ষের ১ বছরের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে আদালত নির্দেশ দিয়েছে, আবেদনকারীকে সাধারণ নিয়ম মেনে ১০ বছরের জন্য পাসপোর্ট নবীকরণ করে দিতে হবে।

মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও জানান, পাসপোর্ট হল ভোটার কার্ডের মতোই একজন ভারতীয়ের নাগরিকত্বের অন্যতম পরিচয়পত্র। কেউ পাসপোর্ট নবীকরণ করছেন মানেই তিনি বিদেশে চলে যাবেন, এমন ভাবার কোনও যুক্তি নেই। আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন, এই অযৌক্তিক আশঙ্কার উপর দাঁড়িয়ে পাসপোর্ট কর্তৃপক্ষ মাত্র ১ বছরের জন্য পাসপোর্ট ইস্যু করতে পারে না। প্রতি বছর পাসপোর্টের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া এক অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করে। আদালত আরও জানায়, বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা আদালতের কাজ, কিন্তু পদের মর্যাদা অনুযায়ী পাসপোর্টের স্বাভাবিক মেয়াদ নির্ধারণ করা পাসপোর্ট কর্তৃপক্ষের নিজস্ব দায়িত্ব।

অমিতকুমার আগরওয়াল নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর (PMLA) অধীনে দুটি মামলা বর্তমানে ঝাড়খণ্ডের রাঁচির বিশেষ আদালতে বিচারাধীন। তাঁর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি আদালতের অনুমতি নিয়ে নবীকরণের আবেদন জানান। আদালত তাঁকে অনুমতি দিলেও কেন্দ্রীয় পাসপোর্ট কর্তৃপক্ষ নির্দেশিকা মেনে মাত্র ১ বছরের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন অমিত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, ১৯৯৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী বিশেষ আদালত মেয়াদ বলে না দিলে ১ বছরের বেশি পাসপোর্ট দেওয়া সম্ভব নয়। তবে পাসপোর্ট কর্তৃপক্ষের এই যুক্তি পুরোপুরি নাকচ করে দেয় হাই কোর্ট। আদালত নির্দেশ দেয়, আগামী তিন সপ্তাহের মধ্যে মামলাকারীর পাসপোর্ট ১০ বছরের জন্য রিনিউ করতে হবে। তবে বিদেশে পাড়ি দেওয়ার ক্ষেত্রে তাঁকে অবশ্যই বিশেষ আদালতের অনুমতি নেওয়ার শর্ত মানতে হবে।