ব্যুরো নিউজ, ৭ আগস্ট ২০২৬ঃ প্রবীণ অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, গত দু’দিন আগে তাঁকে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার তাঁর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ রয়েছেন। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছে। জানা গিয়েছে, এর আগেও মিঠুন চক্রবর্তীর ডান হাতে একবার অস্ত্রোপচার হয়েছিল। এবারও পূর্বের সমস্যার পুনরাবৃত্তি হওয়ায় চিকিৎসকদের পরামর্শ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে খবর।
এদিকে, শুক্রবার মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অভিনেতার সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের বিস্তারিত খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে ইতিমধ্যেই যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় পুষ্পস্তবক নিয়ে উপস্থিত ছিলেন। এদিন সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদেরও ভিড় লক্ষ্য করা যায়, যা হাসপাতালের বাইরে এক ভিন্ন রাজনৈতিক আবহ তৈরি করে। যদিও মিঠুন চক্রবর্তীর অস্ত্রোপচারের নির্দিষ্ট কারণ সম্পর্কে হাসপাতাল বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তাঁর অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীরা দ্রুত আরোগ্য কামনা করছেন।








