ব্যুরো নিউজ, ৭ আগস্ট ২০২৬ঃ পশ্চিমবঙ্গ সরকার মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনে এক বছরব্যাপী কর্মসূচির পরিকল্পনা শুরু করেছে। এই উপলক্ষে তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে একটি বিশেষ উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। হাওড়ার নবান্ন থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যপাল এই কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর হচ্ছে। ঘোষিত এই কমিটিতে চলচ্চিত্র ও প্রশাসনিক জগতের একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্বকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তথ্য ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী। সহ-পৃষ্ঠপোষকের দায়িত্বে থাকছেন শ্রী মিঠুন চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন প্রখ্যাত পরিচালক শ্রী সন্দীপ রায় এবং কার্যকারী সভাপতি হিসেবে থাকছেন অভিনেতা শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব ড. সৌমিত মোহন (আইএএস) সদস্য সচিব হিসেবে দায়িত্ব সামলাবেন।
এছাড়াও, টলিউডের একাধিক নামী তারকা ও প্রখ্যাত সাংবাদিক এই উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। এই তালিকায় রয়েছেন জিৎ মদনানি, আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, দীপক অধিকারী (দেব), ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গাঙ্গুলী, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলী সহ আরও অনেকে। গঠিত এই কমিটির মূল কাজ হবে মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনের মূল কৌশল নির্ধারণ করা এবং তাঁর জীবন, কাজ ও স্মৃতিকে কেন্দ্র করে নানা কর্মসূচি পরিকল্পনা ও অনুমোদন দেওয়া। সাংস্কৃতিক, চলচ্চিত্র বিষয়ক, সাহিত্যিক ও আর্কাইভ সংক্রান্ত বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার পাশাপাশি সমস্ত পরিকল্পনা সঠিকভাবে রূপায়ণ হচ্ছে কিনা, তা তদারকি করবে এই কমিটি। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিদের এই উদযাপনে শামিল করার ক্ষমতাও কমিটিকে দেওয়া হয়েছে।








