ব্যুরো নিউজ, ৭ আগস্ট ২০২৬ঃ বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের বাজেয়াপ্ত হওয়া ল্যাপটপ, হার্ড ড্রাইভ ও পেনড্রাইভে থাকা বিপুল আর্থিক তথ্য এখন তদন্তকারীদের কাছে এক বড় চ্যালেঞ্জ। সূত্র মারফত জানা গিয়েছে, কোটি কোটি টাকার এই লেনদেনের হিসাব সংরক্ষণ করা হয়েছিল এক বিশেষ সাংকেতিক ভাষায়, যা সাধারণের পক্ষে বোঝা অসম্ভব। এই রহস্যের জট খুলতে এবার ময়দানে নেমেছেন এক বিশেষ আইপিএস অফিসার। বোলপুরের এসডিপিও অর্পিত আর পারেখ, যিনি পুলিশে যোগ দেওয়ার আগে পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করেছেন, তাঁকেই এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে, টুলু মণ্ডলের ব্যবসার আর্থিক হিসাব রাখতেন তাঁর হিসাবরক্ষক পিনাকী দেব, যাঁকে সহযোগিতা করতেন পার্থসারথি নামে অপর এক ব্যক্তি।
পুলিশ তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাঁদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একাধিক পেন ড্রাইভ ও হার্ড ড্রাইভ বাজেয়াপ্ত করেছে। এই ডিভাইসগুলিতেই সাংকেতিক চিহ্ন ও নিজস্ব হিসাবরক্ষণ পদ্ধতিতে লেখা রয়েছে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য। আইপিএস পারেখ তাঁর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে হিসাবরক্ষকদের ব্যবহৃত সাংকেতিক ভাষা বিশ্লেষণ করছেন। তিনি প্রতিটি লেনদেনের উৎস ও গন্তব্য নির্ভুলভাবে চিহ্নিত করে ট্যালি ও এক্সেল শিটে সম্পূর্ণ আর্থিক লেনদেনের তালিকা প্রস্তুত করার কাজ করছেন। এই পদক্ষেপের ফলে টুলু মণ্ডলের আর্থিক সাম্রাজ্যের গভীরে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা। এই মুহূর্তে তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এবং আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে।








