সুপ্রিম কোর্টের নির্দেশে ভবানী ভবনে হাজিরা দিলেন সুমিত রায়, জিজ্ঞাসাবাদ শুরু সিআইডি-র

শালবনির জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ভবানী ভবনে সিআইডি-র সামনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। জিজ্ঞাসাবাদ শুরু।

Share:

ব্যুরো নিউজ, ৮ আগষ্ট ২০২৬ : শালবনির জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে শেষমেশ ভবানী ভবনে সিআইডি দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালতের অন্তর্বর্তী নির্দেশের পরই শনিবার নির্ধারিত সময়ের কিছুটা আগেই সিআইডি দপ্তরে পৌঁছন সুমিত। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের শালবনীর সরকারি জমি জবরদখল এবং তা বিক্রি করার অভিযোগ উঠেছিল সুমিত রায়ের বিরুদ্ধে। এই মামলাতেই এতদিন পুলিশ তাঁকে খুঁজছিল। এর আগে সিআইডি আধিকারিকরা সুমিতের বেহালা তথা ক্যানেল রোডের বাড়িতে নোটিস এবং গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাজির হয়েছিলেন। তবে তাতে সেভাবে কাজ না হওয়ায় তদন্তভার সিআইডি-র কাঁধে যায়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জমি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানিয়ে দেয়, সুমিত রায়কে এখনই গ্রেফতার করতে পারবে না পুলিশ। এমনকি তলব করার ক্ষেত্রেও কিছু শর্ত বেধে দেওয়া হয়েছিল। তবে শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দেয় যে পুলিশ বা তদন্তকারীদের সব রকম সহযোগিতা করতে হবে সুমিতকে। এই রক্ষাকবচ পাওয়ার পরই তিনি সিআইডি-র সামনে হাজিরা দিলেন। তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন সুমিত রায়। এই মামলার পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে রাজনৈতিক মহল।