ব্যুরো নিউজ, ৮ আগষ্ট ২০২৬ : ইউপিআই লেনদেনে অতিরিক্ত মাশুল সংক্রান্ত যাবতীয় জল্পনায় জল ঢালল কেন্দ্র সরকার। শনিবার অর্থমন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ব্যক্তি-থেকে-ব্যক্তি (Person-to-Person) ইউপিআই লেনদেন আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। এর জন্য গ্রাহকদের কোনও অতিরিক্ত খরচ বহন করতে হবে না। ডিজিটাল লেনদেনকে আরও সহজলভ্য ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বজায় রাখা হয়েছে।
সম্প্রতি লোকসভায় ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭ সংশোধনী’ বিল পাশ হওয়ার পর থেকেই ইউপিআই লেনদেনে মাশুল আরোপের সম্ভাবনা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছিল। এই বিল ব্যাঙ্ক ও অন্যান্য পরিষেবা প্রদানকারীদের ইউপিআই এবং অন্যান্য ইলেকট্রনিক পেমেন্টের উপর চার্জ ধার্য করার ক্ষমতা দেয়। এই প্রেক্ষাপটেই অর্থমন্ত্রক বিবৃতি দিয়ে পরিস্থিতি স্পষ্ট করল, যাতে গ্রাহকদের মধ্যে কোনও বিভ্রান্তি না থাকে। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে যে, মার্চেন্ট (বাণিজ্যিক) লেনদেনের ক্ষেত্রেও সিংহভাগই বিনামূল্যে থাকবে।
তবে, মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালু হলে নির্দিষ্ট সীমার উপরে কিছু সীমিত ক্ষেত্রে সামান্য মাশুল ধার্য করা হতে পারে। এই মাশুল হবে নামমাত্র এবং ডেবিট বা ক্রেডিট কার্ড লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য এমডিআর-এর তুলনায় অনেকটাই কম। সরকার জোর দিয়ে বলেছে যে, এমডিআর চালু হলেও তা সমস্ত ইউপিআই লেনদেনের উপর নির্বিচারে প্রযোজ্য হবে না, বরং শুধুমাত্র নির্দিষ্ট উচ্চ-মূল্যের লেনদেনের ক্ষেত্রেই শর্তসাপেক্ষে কার্যকর হবে। এর ফলে সাধারণ গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে কোনও প্রভাব পড়বে না এবং ডিজিটাল পেমেন্টের সুবিধা অব্যাহত থাকবে।








