ব্যুরো নিউজ, ৯ আগস্ট ২০২৬ : দুর্গাপুরের অন্ডাল এলাকায় ইসিএলের একটি পরিত্যক্ত আবাসন থেকে বিপুল অস্ত্রের ভাণ্ডার উদ্ধার করল বেঙ্গল এসটিএফ। শনিবার রাতে এই অভিযানে ১৫টি আগ্নেয়াস্ত্র ও ৫৬ রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় দুই কুখ্যাত কয়লা মাফিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের জিজ্ঞাসাবাদ করেই এই অস্ত্রের খোঁজ মেলে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাঁচি থেকে গ্রেপ্তার করা হয়েছিল কুখ্যাত কয়লা মাফিয়া সামশের হোসেনকে। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
গত মাসে তার সহযোগী খইরুলকেও গ্রেপ্তার করে এসটিএফ। এই খইরুল সামশেরের কয়লা চোরাচালানের অন্যতম সঙ্গী বলে জানা গিয়েছে। দু’জনকেই নিজেদের হেফাজতে রেখে দীর্ঘ জেরা চালায় এসটিএফ। সেই জেরাতেই অন্ডালের পরিত্যক্ত আবাসনে অস্ত্রের মজুতের গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। গতকাল রাতে ধৃত সামশের ও খইরুলকে সঙ্গে নিয়ে অন্ডাল এলাকায় অভিযান চালায় বেঙ্গল এসটিএফ। ইসিএলের পরিত্যক্ত ওই আবাসনে তল্লাশি চালিয়ে একটি জায়গা থেকে ১৫টি আগ্নেয়াস্ত্র ও ৫৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি পাইপগান, ১১টি পাইপগান এবং একটি পিস্তল।
কয়লা মাফিয়ারা কেন এত বিপুল অস্ত্র মজুত করেছিল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তারা কি বেআইনি অস্ত্র কারবারের সঙ্গেও জড়িত, নাকি কয়লা চোরাচালানের জন্য এই অস্ত্র ব্যবহার করা হত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঝাড়খণ্ড-সহ একাধিক জায়গায় বেআইনি কয়লা কারবারের সঙ্গে এই দুই মাফিয়া জড়িত বলে জানা গেছে।








