মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতায় তেরঙ্গা যাত্রা, সরকারি উদ্যোগে পালিত হবে রাখিবন্ধন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতায় বিশাল তেরঙ্গা যাত্রা। ঘোষণা করলেন, এ বছর থেকে সরকারি উদ্যোগে পালিত হবে রাখিবন্ধন উৎসব। প্রথমবার কেন্দ্রের হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে রাজ্য।

Share:

ব্যুরো নিউজ, ১০ আগস্ট ২০২৬ : পশ্চিমবঙ্গ সরকার এই প্রথমবার কেন্দ্রের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে প্রাতিষ্ঠানিকভাবে অংশ নিল। সোমবার স্বাধীনতা দিবসের আগে কলকাতার রাজপথে জাতীয় পতাকা হাতে বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রার নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে পা মেলালেন দিলীপ ঘোষ, অর্জুন সিংহ-সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য ও বিধায়কেরা। শহরের গোষ্ঠ পাল সরণি থেকে শুরু হয়ে পদযাত্রাটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর দিকের ফটক পর্যন্ত অগ্রসর হয়।

মিছিলের অগ্রভাগে মুখ্যমন্ত্রীকে জাতীয় পতাকা হাতে দেখা যায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ, মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং কৌস্তভ বাগচী-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতিতে তেরঙ্গাময় হয়ে ওঠে শহরের রাজপথ। শোভাযাত্রা শেষে মুখ্যমন্ত্রী এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, চলতি বছর থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সরকারি স্তরে ‘রাখিবন্ধন’ উৎসব পালিত হবে। এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, রাখির ধর্মীয় মাহাত্ম্যকে শ্রদ্ধার পাশাপাশি পারস্পরিক সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এর মূল উদ্দেশ্য।

রাখি উৎসবের মধ্য দিয়ে রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ করে পশ্চিমবঙ্গকে ‘নবনির্মাণ’ করা এবং দেশের সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার অঙ্গীকার নেন তিনি। উল্লেখ্য, প্রতি বছর ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রের এনডিএ সরকার ৯ থেকে ১৭ অগস্ট পর্যন্ত ‘হর ঘর তেরঙ্গা’ অভিযান পালন করে থাকে। এ বার রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রশাসন এই প্রথম কেন্দ্র সরকারের ওই উদ্যোগে রাজ্যকে যুক্ত করল। এই অভিযান উপলক্ষে রাজ্যজুড়ে ৭০ লক্ষ তেরঙ্গা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।