বিহার সরকারের মহিলা রোজগার যোজনা: প্রথমে ১০ হাজার, পরে ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা, জানুন আবেদনের পদ্ধতি

বিহার সরকারের মুখ্যমন্ত্রী নারী কর্মসংস্থান প্রকল্প বা মহিলা রোজগার যোজনা মহিলাদের দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। কীভাবে আবেদন করবেন, জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ১০ আগস্ট ২০২৬ : রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার, মহিলাদের জন্য চালু করে রেখেছে একাধিক জনপ্রিয় প্রকল্প। এবার বিহার সরকার মহিলাদের স্বনির্ভর করতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী নারী কর্মসংস্থান প্রকল্প বা মহিলা রোজগার যোজনা নামে এই প্রকল্পে মহিলারা ব্যবসা শুরু করার জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।

এই প্রকল্পের আওতায় প্রথমে যোগ্য নারীদের নিজস্ব কর্মসংস্থান বা ছোট ব্যবসা শুরু করার জন্য ১০ হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই প্রাথমিক সহায়তা পাওয়ার ছয় মাস পর ব্যবসার অবস্থা মূল্যায়ন করা হবে। যদি আবেদনকারী মহিলাকে যোগ্য বলে মনে করা হয় এবং তাঁর ব্যবসা সফলভাবে চলছে দেখা যায়, তবে তাঁকে অতিরিক্ত ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারী মহিলাকে অবশ্যই বিহারের কোনো স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে হবে। এছাড়াও, তাঁর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক সক্রিয় থাকা আবশ্যক।

যারা ইতিমধ্যেই এই ধরনের সহায়তা পেয়েছেন, তারা দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। আবেদনের জন্য মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আধার নম্বর, ব্যক্তিগত ও ব্যবসায়িক বিবরণ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন মোবাইল নম্বর, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মাধ্যমিকের মার্কশীট, জাতিগত শংসাপত্র ও স্থায়ী বসবাসের শংসাপত্র আপলোড করে ফর্ম জমা দিতে হবে। এই প্রকল্প বিহারের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে।