ঝাড়খণ্ডে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে রণক্ষেত্র রাঁচি, অনশনে অসুস্থ দেবেন্দ্র নাথ মাহাতো হাসপাতালে, লাঠিচার্জ পুলিশের

ঝাড়খণ্ডে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে রণক্ষেত্র রাঁচি। ৯ দিন অনশনের পর অসুস্থ দেবেন্দ্র নাথ মাহাতো হাসপাতালে ভর্তি, পুলিশের লাঠিচার্জ।

Share:

ব্যুরো নিউজ, ১১ আগস্ট ২০২৬: ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে উত্তাল রাঁচি। সোমবার রাজ্য বিধানসভা ২’ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারী পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় শহর। টানা ৯ দিন ধরে অনশনে থাকা ‘ঝাড়খণ্ড গণতান্ত্রিক বিপ্লবী মোর্চা’র তরুণ নেতা দেবেন্দ্র নাথ মাহাতো গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাঁচি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাকরির পরীক্ষা স্বচ্ছ করার দাবিতে চলা এই আন্দোলনে সোমবার অ্যাম্বুলেন্সে চেপেই বিধানসভা ঘেরাও কর্মসূচিতে যোগ দেন দেবেন্দ্র। রক্তে শর্করার মাত্রা মারাত্মক কমে যাওয়ায় চিকিৎসকরা তাঁর অবস্থাকে অত্যন্ত সঙ্কটজনক বলে জানিয়েছেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের ছবি হাতে নিয়ে হুইলচেয়ারে বসে মাহাতো হুঙ্কার দেন, “অনশনে থাকা সত্ত্বেও কাঁটাতারের বেড়া আমাদের থামাতে পারবে না। সরকার বাধ্য হবে ছাত্রদের দাবি মেনে নিতে।” বিক্ষোভ মিছিলটি বিধানসভার দিকে এগোতেই বাধা দেয় পুলিশ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, জল কামান ব্যবহারের পাশাপাশি ব্যাপক লাঠিচার্জ করে।

দেবেন্দ্র মাহাতোর সহযোগী পঙ্কজ কুমার অভিযোগ করেন, পুলিশের লাঠির আঘাতেই গুরুতর জখম হয়েছেন দেবেন্দ্র। সংঘর্ষে একাধিক আন্দোলনকারী পরীক্ষার্থী এবং চারজন পুলিশ কর্মী আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জন্মদিনের দিনেই আয়োজিত এই বিক্ষোভে দেবেন্দ্র হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “আমরা রক্তপাত চাই না, গ্রেফতার আইনি প্রক্রিয়া হতে পারে কিন্তু বলপ্রয়োগ পরিস্থিতি আরও জটিল করবে।” এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বেড়েছে।