ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: এআই-তৈরি লেখা শনাক্ত করার সফটওয়্যারের রিপোর্টের ভিত্তিতেই কোনও পড়ুয়াকে শিক্ষাগত অসদাচরণের জন্য দোষী বলা যাবে না। শনিবার হায়দরাবাদে কমনওয়েলথ লিগ্যাল এডুকেশন অ্যাসোসিয়েশন (CLEA)-এর প্রথম বার্ষিক আন্তর্জাতিক আইনি শিক্ষা সম্মেলনের উদ্বোধনী ভাষণে এই সতর্কবার্তা দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। ভাষণে তিনি ২০২৩ সালের একটি গবেষণার উল্লেখ করেন।
সেই গবেষণায় দেখা গিয়েছিল, বহুল ব্যবহৃত সাতটি এআই শনাক্তকারী সফটওয়্যার ইংরেজি মাতৃভাষা নয়, এমন পড়ুয়াদের লেখা প্রবন্ধের ৬০ শতাংশেরও বেশি ভুল করে এআই-লেখা বলে চিহ্নিত করেছে। সূর্যকান্তের বক্তব্য, কমনওয়েলথের বহু পড়ুয়া দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে ইংরেজিতে লেখেন। তাই সফটওয়্যারের ব্যাখ্যাতীত স্কোরের ভিত্তিতে সৎ পড়ুয়াকেও প্রতারক তকমা দেওয়ার ঝুঁকি রয়েছে। এমন অভিযোগের বিরুদ্ধে পড়ুয়ার পক্ষে যুক্তি দেখানোও কঠিন হতে পারে। আইনি শিক্ষায় জেনারেটিভ এআই ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞার পক্ষেও নন প্রধান বিচারপতি। তাঁর মতে, নিষেধাজ্ঞা জারি হলে এআইয়ের ব্যবহার আড়ালে চলে যাবে, ফলে তার ব্যবহার শেখানো বা যাচাই করা কঠিন হবে। বরং স্পষ্ট নিয়ম তৈরি করে প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার শেখানো দরকার। মূল্যায়নের আগে পড়ুয়াদের জানাতে হবে, কোথায় এআই ব্যবহার করা যাবে, কোথায় তা জানাতে হবে এবং কোন ব্যবহার তাদের নিজস্ব চিন্তার জায়গা কেড়ে নেবে।
মূল্যায়ন পদ্ধতিতেও বদলের পরামর্শ দিয়েছেন তিনি। লিখিত কাজের পাশাপাশি মৌখিক ব্যাখ্যা, ব্যবহৃত আইনি তথ্যের পক্ষে যুক্তি এবং এআইয়ের তৈরি উত্তরের ভুল খুঁজে বের করার কাজ রাখা যেতে পারে বলে মত তাঁর। ব্যবহারিক প্রশিক্ষণ নিয়েও সতর্ক করেছেন সূর্যকান্ত। উপস্থিতি ছাড়া ইন্টার্নশিপের শংসাপত্র দেওয়া বা না-করা কাজের জন্য ক্লিনিক্যাল গ্রেড দেওয়া পড়ুয়া ও ভবিষ্যতের আইনি পরিষেবা—দুয়েরই ক্ষতি করে বলে তিনি জানিয়েছেন।









