দমদমে গৃহবধূর রহস্যমৃত্যু: কম্বলে মোড়ানো রক্তাক্ত দেহ উদ্ধার, আটক ১

দমদমে গৃহবধূর রহস্যমৃত্যু! বাড়ি থেকে কম্বলে মোড়ানো রক্তাক্ত দেহ উদ্ধার, শরীরে একাধিক ক্ষতচিহ্ন। পুলিশ এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ব্যক্তিগত সম্পর্কের জটিলতা?

Share:

ব্যুরো নিউজ, ১৩ আগস্ট ২০২৬: কলকাতার দমদম এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের বাড়ি থেকেই কম্বলে মোড়ানো অবস্থায় জয়া দত্ত (৩২) নামের ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপানোর চিহ্ন পাওয়া গেছে, যা থেকে প্রাথমিক অনুমান, তাঁকে নৃসংশভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার জয়া দত্তের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতদেহের গলা সহ শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতচিহ্ন ছিল। ঘটনার নৃশংসতা এবং প্রাথমিক পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীরা ঘটনাস্থল সংলগ্ন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে দেখেন, বাড়ির কাছাকাছি থাকা সিসি ক্যামেরাটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এতে আততায়ীদের সুপরিকল্পিত চক্রান্তের ইঙ্গিত মিলছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, নিহত জয়া তাঁর স্বামীর সঙ্গে থাকতেন না, তবে তাঁদের একমাত্র ছেলে তাঁর সঙ্গেই ওই বাড়িতে থাকত।

পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত বা সম্পর্কের কোনও জটিলতার জেরেই এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে। ঘটনার মূল কারণ এবং এর নেপথ্যে কারা যুক্ত রয়েছে, তা স্পষ্ট করতে ধৃত ব্যক্তিকে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে এবং ভাঙা সিসিটিভি ক্যামেরাটির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এই ঘটনা দমদম এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ দ্রুত এই রহস্যের কিনারা করার চেষ্টা চালাচ্ছে।