ব্যুরো নিউজ, ১৭ আগস্ট ২০২৬: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয় রাজ্যের কৃষকদের জন্য এক যুগান্তকারী ঘোষণা করেছেন। সোমবার বিধানসভায় তিনি জানান, রাজ্যের কৃষকদের ৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুব করা হবে। যারা ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ নিয়েছেন, তারা এই সুবিধার আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী থলপতি বিজয় জোর দিয়ে বলেন, কৃষকরাই রাজ্যের মেরুদণ্ড এবং দেশের সামগ্রিক সমৃদ্ধি তাদের কঠোর পরিশ্রমের উপর নির্ভরশীল। রাজ্যের আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও কৃষকদের পাশে দাঁড়াতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর জন্য ৯৫৩.০৬ কোটি টাকা অতিরিক্ত সহায়তা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, গত মে মাসে সরকার ক্ষমতায় আসার মাত্র ১৫ দিনের মধ্যে ৫০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুব করা হয়েছিল। সেই সহায়তার পরিধি এবার আরও বাড়ানো হয়েছে। এখন থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত ঋণে সম্পূর্ণ মুকুব এবং ১ লক্ষ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ৩৫ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। মুখ্যমন্ত্রীর দাবি, এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে রাজ্যের ১৪.৪৪ লক্ষের বেশি কৃষক সরাসরি উপকৃত হবেন। এই ঋণ মুকুব কৃষকদের আর্থিক বোঝা লাঘব করে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করবে এবং কৃষি ক্ষেত্রকে চাঙ্গা করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।








