ব্যুরো নিউজ, ১৭ আগস্ট ২০২৬: বিজেপির সর্বভারতীয় সংগঠনে বড়সড় রদবদলের পর এবার দলের ডিজিটাল ও যোগাযোগ ব্যবস্থাপনায় এল গুরুত্বপূর্ণ পরিবর্তন। সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন-এর নতুন টিমে অমিত মালব্যকে সরিয়ে দলের সোশ্যাল মিডিয়া কনভেনর করা হয়েছে দীপক মাসকেকে। তাঁর সঙ্গে সোশ্যাল মিডিয়া কো-কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রীতি গান্ধী, শিবানন্দ দ্বিবেদী, অলোক ভট্ট এবং অরুণ যাদব।
এই রদবদলকে আসন্ন রাজ্য নির্বাচনগুলির আগে বিজেপির ডিজিটাল প্রচার কৌশলকে আরও শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে বিজেপির আইটি বিভাগের দায়িত্বে থাকা অমিত মালব্যের নাম নতুন তালিকায় না থাকায় তাঁর সাংগঠনিক ভূমিকা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে, তিনি বাংলার ভারপ্রাপ্ত নেতা বা পর্যবেক্ষকের পদ থেকেও সরে গেলেন কিনা, সেই প্রশ্নও উঠেছে। প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে অমিত মালব্যের একটি পোস্ট (‘বাংলা কোনও ভাষাই নয়’) এবং তাঁর ব্যবহার নিয়ে বাংলার বিজেপি নেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। যদিও তাঁর এক্স (পূর্বতন টুইটার) প্রোফাইলে এখনও বিজেপির ন্যাশনাল ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ইনচার্জ হিসেবে তাঁর পরিচয় বহাল রয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়া যে কোনও দলের প্রচার ও জনসংযোগের অন্যতম প্রধান হাতিয়ার। ভোটারদের কাছে সরাসরি পৌঁছনো, দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং বিরোধীদের প্রচারের মোকাবিলা করার ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব অপরিসীম। এই পরিস্থিতিতে দীপক মাসকেকে সোশ্যাল মিডিয়া সংগঠনের দায়িত্বে আনা দলের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শুধু সোশ্যাল মিডিয়া নয়, দলের সামগ্রিক যোগাযোগ কৌশলেও পরিবর্তন আনা হয়েছে। বিজেপির মিডিয়া কো-অর্ডিনেটর করা হয়েছে অনিল বালুনিকে।
তাঁকে সহযোগিতা করবেন জয়েন্ট কো-অর্ডিনেটর আশিস ঊষা আগরওয়াল, প্রদীপ ভাণ্ডারি এবং সিদ্ধার্থ যাদব। নীতিন নবীন-এর নেতৃত্বে বিজেপির নতুন জাতীয় টিম ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে নতুন নেতৃত্ব দলের শক্তি আরও বাড়াতে এবং জনসেবায় মনোনিবেশ করতে নিজেদের সেরাটা দেবেন।








