ব্যুরো নিউজ,২০শে নভেম্বর ২০২৬ : ট্রেনে উঠেই পাশের সিট থেকে কানে আসছে তারস্বরে গান? কেউ হেডফোন ছাড়াই ফুল ভলিউমে দেখছে রিলস, কেউ আবার গোটা কামরা কাঁপিয়ে ফোনে ঝগড়া করছে? এই বিরক্তিকর অভিজ্ঞতা এবার হতে চলেছে অতীত। যাত্রীদের শান্তিতে, স্বস্তিতে যাতায়াতের অধিকার ফিরিয়ে দিতে বড়সড় পদক্ষেপ নিল রেল মন্ত্রক। দেশের সব রেল জোনে জারি হয়ে গেল কড়া নির্দেশিকা। অর্থাৎ, এই নিয়ম শুধু পূর্ব রেলে নয়, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতীয় রেলের প্রতিটি জোনে, প্রতিটি ট্রেনে, প্রতিটি স্টেশনে সমানভাবে কার্যকর হবে।
রেল মন্ত্রকের স্পষ্ট বার্তা, ট্রেন যাত্রায় প্রতিটি যাত্রীর শান্তিতে থাকার অধিকার আছে, এবং সেই অধিকার রক্ষাতেই এই নতুন উদ্যোগ। নির্দেশিকা অনুযায়ী, কামরা হোক বা স্টেশন চত্বর, হেডফোন ছাড়া জোরে গান শোনা বা ভিডিও চালানো একেবারেই চলবে না। ফোনে কথা বলার সময়ও গলার আওয়াজ নিয়ন্ত্রণে রাখতে হবে, দীর্ঘক্ষণ উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকতে হবে। রিংটোন হতে হবে মৃদু, যাতে হঠাৎ জোরালো আওয়াজে কারও ঘুম না ভাঙে বা মনোযোগ নষ্ট না হয়।
নিয়ম ভাঙলে আর শুধু সতর্ক করে ছাড়া হবে না। কারও বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ এলে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে। নির্দেশিকায় বলা হয়েছে, নিয়ম ভাঙলে জেল, জরিমানা বা দুটোই হতে পারে। তবে কোন পরিস্থিতিতে কী শাস্তি হবে, সে বিষয়ে রেল এখনও বিস্তারিত জানায়নি। বার্তা স্পষ্ট: সফরে ফোন ব্যবহারে সংযত থাকুন এবং সহযাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভাবুন।
বহু যাত্রী রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, দীর্ঘ যাত্রায় ও রাতের ট্রেনে পাশের যাত্রীর জোরে গান বা ভিডিয়ো চালানো অসহ্য। এতে বিশ্রামে ব্যাঘাত ঘটে, ক্লান্তি বাড়ে। এবার সেই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। কিছু যাত্রী আরও এগিয়ে মেট্রো, বাস সহ সব গণপরিবহণে একই নিয়ম চাইছেন, কারণ শান্তিতে যাতায়াতের অধিকার সব যাত্রীরই।









