অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বৃদ্ধি: মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, বাড়ছে উপভোক্তার সংখ্যা

রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, ৩৬ হাজার কোটি থেকে বেড়ে ৪৮ হাজার কোটি টাকা হতে চলেছে বরাদ্দ।

Share:

ব্যুরো নিউজ, ১৮ আগস্ট ২০২৬: রাজ্য সরকারের জনমুখী প্রকল্প অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়ানোর বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য অডিটোরিয়াম থেকে তিনি জানান, বর্তমানে ৩৬ হাজার কোটি টাকার যে বরাদ্দ রয়েছে, তা যথেষ্ট নয়। তাই অন্নপূর্ণা যোজনার জন্য রাজ্য সরকার ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করতে চলেছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢোকা শুরু হয়েছে। আরও ১৪ লক্ষ আবেদনকারীর যাচাই প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে উপভোক্তার সংখ্যা আরও বাড়বে। মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। ১০ জুলাই পর্যন্ত জমা পড়া ১ কোটি ৬৬ লক্ষ আবেদনপত্র যাচাই করা হয়েছে। এর মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে জমা পড়বে। আগামী ২০ তারিখের মধ্যেই এই বিপুল সংখ্যক উপভোক্তা তাঁদের প্রাপ্য অর্থ পেয়ে যাবেন।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই ঘোষণায় রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এই বরাদ্দ বৃদ্ধি রাজ্যের মহিলাদের আর্থিক ক্ষমতায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।