ব্যুরো নিউজ, ২০ আগস্ট ২০২৬: কলকাতার নিউটাউনে আদানি শিল্পগোষ্ঠীর আন্তর্জাতিক মানের হাসপাতাল, ‘আদানি আরোগ্য নিকেতন’-এর শিলান্যাস হতে চলেছে আগামী মাসেই। আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি স্বয়ং এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এই মেগা প্রকল্প ঘিরে রাজ্যের আর্থিক প্রাপ্তি নিয়ে ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট জমা পড়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সচিবালয়ে।
রিপোর্ট অনুযায়ী, ৫১.৭৫ একর জমির চরিত্র বদল ও অন্যান্য আনুষঙ্গিক ছাড় বাবদ রাজ্য সরকার আদানি গোষ্ঠীকে প্রায় ১৯৬৭ কোটি টাকার রাজস্ব ছাড় দিচ্ছে। তবে নবান্নের দাবি, এই ছাড়ের বিনিময়ে প্রকল্পটি চালু হলে রাজ্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল আর্থিক ও সামাজিক সুফল পাবে, যা প্রদত্ত ছাড়ের তুলনায় অনেক বেশি। প্রকল্পটির মূলধন বিনিয়োগ ধরা হয়েছে ১,২০০ কোটি টাকা, নির্মাণ পর্বে অর্থনৈতিক উৎপাদন হবে আরও ১,৮০০ কোটি টাকা। তবে সবচেয়ে বড় প্রভাব দেখা যাবে হাসপাতাল চালু হওয়ার পর। বার্ষিক প্রায় ৪,০৮৫ কোটি টাকার আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর মধ্যে স্বাস্থ্য পরিষেবা ও রোগী কল্যাণ থেকে ৮১৭ কোটি, কর্মসংস্থান ও আয় থেকে ৫৬০ কোটি, চিকিৎসা শিক্ষা ও গবেষণা থেকে ৩২২ কোটি এবং মেডিকেল ট্যুরিজম থেকে ১,১৫৬ কোটি টাকা আসতে পারে। এছাড়াও, রাজ্যের রোগীরা চিকিৎসার জন্য দক্ষিণের রাজ্যগুলিতে না গিয়ে এখানেই পরিষেবা নিলে আরও ১,০০০ কোটি টাকা রাজ্যের অর্থনীতিতে থেকে যাবে। ১০০০ শয্যার এই হাসপাতালে ৫০০টি বেড রাজ্য সরকার বিনামূল্যে পরিষেবা দিতে পারবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য বেড সংখ্যা ২ হাজার করার প্রস্তাব দিয়েছেন।








