প্রভাবীর প্রেমে পাগল যুবক! বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পিটিয়ে খুন!

নেহা বিস্তের বাড়িতে জোর করে ঢোকার চেষ্টার অভিযোগে মারধরে মৃত্যু যুবকের। খুনের অভিযোগে গ্রেফতার নেহার বাবা ও এক পড়শি।

Share:

ব্যুরো নিউজ,২০শে নভেম্বর ২০২৬ : দিল্লির মধু বিহারে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা, যা শুনলে গা শিউরে উঠবে। সমাজমাধ্যমে জনপ্রিয় প্রভাবী নেহা বিস্তের বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা করেছিলেন অভিনব নামে এক যুবক। আর তার পরিণতি হলো ভয়াবহ। পরিবারের লোকজন আর পড়শিদের বেধড়ক মারধরে গুরুতর জখম হয়ে হাসপাতালে ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত ১৫ নভেম্বর মারা গেলেন ওই যুবক।

ঘটনাটা ঘটেছিল গত ৭ নভেম্বর। উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা অভিনব ছিলেন নেহার একেবারে পাগল ভক্ত। ইনস্টাগ্রামে নেহার প্রায় ছয় লক্ষ অনুগামী, ইউটিউবেও রয়েছে তাঁর নিজস্ব চ্যানেল। দিনের পর দিন নেহার ভিডিয়ো আর রিলস দেখতে দেখতে কখন যে ভক্ত থেকে একতরফা প্রেমিক হয়ে উঠেছিলেন অভিনব, তা তিনি নিজেও বুঝতে পারেননি।

এরপরই আসে সেই খবর, যা সব উলটে দেয়। নেহার বিয়ে ঠিক হয়েছে শুনে আর স্থির থাকতে পারেননি অভিনব। প্রস্তাব দিতে সোজা চলে যান দিল্লির মধু বিহারে, নেহার বাড়িতে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এটাই তাঁর প্রথম যাওয়া নয়। কয়েক মাস আগেও অনুরাগী হিসেবে ওই বাড়িতে গিয়ে নেহার সঙ্গে দেখা করেছিলেন।

ঘটনার দিন নেহা বাড়িতেই ছিলেন। অভিযোগ, অভিনব জোর করে ঢুকতে চাইলে পরিবারের সদস্যরা বাধা দেন। তুমুল চেঁচামেচি শুনে কয়েকজন প্রতিবেশীও ছুটে আসেন। এরপর হেনস্থা ও বেধড়ক মারধর শুরু হয়, যার ফলে অভিনব জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন।

পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় বড় পদক্ষেপ নিয়েছে। খুনের অভিযোগে নেহার বাবা ও এক প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রশ্ন রয়ে গেছে—একতরফা ভালোবাসা কি সত্যিই এতটা ভয়ংকর হয়েছিল, নাকি মারধরের পেছনে অন্য কোনও রহস্য আছে? বিয়ের প্রস্তাব দিতে গিয়ে সেদিন বাড়ির ভেতরে আসলে কী ঘটেছিল, তদন্তকারীরা এখন তা খতিয়ে দেখছেন।