ব্যুরো নিউজ, ২০ নভেম্বর ২০২৬: একটি সংলাপেই মন জয় করে নিলেন শ্রদ্ধা কাপুর! মারাঠি সংস্কৃতির ঐতিহ্যবাহী নউবাড়ি শাড়ি নিয়ে তাঁর জোরালো বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নতুন ছবি ‘ইঠা’-র প্রচারমূলক ভিডিওতে অভিনেত্রীর সংলাপ ও অভিব্যক্তিতে মুগ্ধ নেটিজেনরা। অনেকেরই মন্তব্য, “মহারাষ্ট্র তাঁর শিরায়, আর মহারাষ্ট্র তাঁর আত্মায়!”
ছবিতে শ্রদ্ধাকে দেখা যাবে কিংবদন্তি মারাঠি লাবণী ও তামাশা শিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের চরিত্রে। ভাইরাল দৃশ্যটিতে এক ব্যক্তি নউবাড়ি শাড়িকে অসম্মানজনকভাবে উল্লেখ করলে প্রতিবাদে সরব হন শ্রদ্ধা। তাঁর চরিত্র স্পষ্ট জানিয়ে দেয়, নউবাড়ি কেবল নয় গজের একটি শাড়ি নয়, এটি মারাঠি নারীদের গর্ব, সম্মান ও পরিচয়ের প্রতীক।
ট্রেলারে সংলাপটি জনপ্রিয় হওয়ার পর নির্মাতারা এবার তার আরও দীর্ঘ সংস্করণ প্রকাশ করেছেন। শ্রদ্ধার সাবলীল সংলাপ বলার ভঙ্গি, আত্মবিশ্বাস এবং আবেগ দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তাঁর অভিনয়ের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘ইঠা’ ছবিতে শ্রদ্ধার সঙ্গে রয়েছেন রণদীপ হুডা, নানা পাটেকর, মহম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব এবং উল্কা গুপ্তা। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন অজয়-অতুল। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।









