ব্যুরো নিউজ, ২১ আগস্ট ২০২৬: কলকাতার নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। সম্প্রতি ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরও কড়া পদক্ষেপ করল দমকল বিভাগ। নিউ মার্কেটের আরও ১৭টি হোটেলকে শোকজ নোটিস পাঠিয়েছে দমকল। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতির অভিযোগ উঠেছে এই হোটেলগুলির বিরুদ্ধে।
দমকল সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হোটেল কর্তৃপক্ষকে এই নোটিসের জবাব দিতে হবে। সন্তোষজনক উত্তর না মিললে ওই হোটেলগুলিতে তালা ঝুলিয়ে দেওয়া হতে পারে। গত মঙ্গলবার গভীর রাতে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে আগুন লেগে যায়। ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারান ৯ জন, যাঁদের মধ্যে ৭ জনই ছিলেন বাংলাদেশের নাগরিক। চিকিৎসার জন্য কলকাতায় এসে মর্মান্তিক পরিণতি হয় তাঁদের। এই ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে হোটেলের মালিক এখনও ফেরার।
‘শিখা ইন’ কাণ্ডের পর থেকেই শহরের হোটেল ও গেস্ট হাউসগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে শুরু করেছে পুরসভা ও দমকল। এর আগে বৃহস্পতিবার মির্জা গালিব স্ট্রিটেরই ৯টি গেস্ট হাউস এবং ৪টি রেস্তরাঁকে শোকজ করা হয়েছিল। তাদেরও ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। শুক্রবার সেই তালিকায় যুক্ত হল আরও ১৭টি হোটেলের নাম, যা শহরের হোটেলগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।








