বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ইতিহাস গায়ত্রী-তৃষার! দেড় দশক পর ভারতের মহিলা ডাবলস পদক নিশ্চিত

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন গায়ত্রী-তৃষা! ১৫ বছর পর ভারতের মহিলা ডাবলসে পদক নিশ্চিত করে সেমিফাইনালে প্রবেশ।

Share:

ব্যুরো নিউজ, ২১ আগস্ট ২০২৬: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এক নতুন ইতিহাস রচনা করলেন ভারতের মহিলা ডাবলস জুটি গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি। কোয়ার্টার ফাইনালে চিনের শক্তিশালী চতুর্থ বাছাই জিয়া ই ফ্যান এবং ঝাং শু জিয়ানকে রোমাঞ্চকর লড়াইয়ে পরাজিত করে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন তাঁরা। এই ঐতিহাসিক জয়ের ফলে দীর্ঘ ১৫ বছরের খরা কাটল ভারতীয় ব্যাডমিন্টনে। ২০১১ সালে অশ্বিনী পোন্নাপ্পা ও জ্বালা গুট্টার ব্রোঞ্জ জয়ের পর এই প্রথম মহিলা ডাবলসে মেগা ইভেন্ট থেকে পদকের দেখা পেল দেশ।

ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে গায়ত্রী-তৃষা চিনা জুটিকে ১৬-২১, ২১-১৫, ২১-১৩ গেমে পরাজিত করেন। প্রথম গেমে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটান ভারতীয় শাটলাররা। ম্যাচের শুরুটা যদিও নড়বড়ে ছিল, প্রথম গেমে ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন তাঁরা। কিন্তু গ্যালারির ‘ইন্ডিয়া জিতেগা’ স্লোগান এবং কোচ পুল্লেলা গোপীচাঁদের নির্দেশনায় ধীরে ধীরে ছন্দে ফেরেন তাঁরা। দ্বিতীয় ও তৃতীয় গেমে তাঁদের আক্রমণাত্মক কৌশল এবং নিখুঁত নেট প্লে চিনা জুটিকে সম্পূর্ণ কোণঠাসা করে তোলে। স্নায়ুর তীব্র চাপ সামলে ২১-১৫ ব্যবধানে দ্বিতীয় গেম ছিনিয়ে ম্যাচে সমতা ফেরান গায়ত্রীরা।

নির্ণায়ক তৃতীয় গেমেও ভারতীয় জুটির দাপট অব্যাহত থাকে। প্রবল চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে ২১-১৩ ব্যবধানে গেমটি পকেটে পোরেন তাঁরা। এর আগে চিনা জুটির বিরুদ্ধে তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই পরাজয় জুটেছিল গায়ত্রী-তৃষার। এই জয় তাই মধুর প্রতিশোধের পাশাপাশি বিশ্বমঞ্চে তাঁদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। সেমিফাইনালে উঠে এই তরুণ তুর্কিরা এখন আরও বড় সাফল্যের স্বপ্ন দেখছেন। ভারতীয় ক্রীড়ামহলে এই ঐতিহাসিক জয় ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে।