ভাঙড় বিস্ফোরণ: শওকত মোল্লার বিরুদ্ধে ইউএপিএ ধারা প্রয়োগের আবেদন এনআইএ-র

ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লা-সহ চারজনের বিরুদ্ধে ইউএপিএ ধারা প্রয়োগের আবেদন এনআইএ-র। চাপ বাড়ছে মূল অভিযুক্ত শওকতের উপর। বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ২২ আগস্ট ২০২৬: ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লা-সহ চারজনের বিরুদ্ধে এবার কঠোর ইউএপিএ (UAPA) ধারা প্রয়োগের জন্য আদালতে আবেদন করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালতে বিচারক অনুপম মাইতির এজলাসে এই আবেদন জানানো হয়। এনআইএ-র বিশেষ সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরি পুট আপ পিটিশন দাখিল করে ইউএপিএ-র ১৬ ও ১৮ ধারা প্রয়োগের কথা জানান।

চলতি বছরে ভাঙড়ে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, তার তদন্তভার হাতে নেয় এনআইএ। সেই তদন্তের সূত্র ধরেই শওকত মোল্লা-সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই শওকত মোল্লাকে হন্যে হয়ে খুঁজছিল কেন্দ্রীয় সংস্থা। পরে সোনারপুরের কামালগাজি লাগোয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যদিও শওকতের পরিবারের দাবি ছিল, তিনি আত্মসমর্পণ করতে আসার পথেই এনআইএ-র হাতে ধরা পড়েন।

গ্রেপ্তারের ৮৭ দিনের মধ্যেই এনআইএ আদালতে চার্জশিট পেশ করে। সেই চার্জশিটে শওকত মোল্লাকেই বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এনআইএ-র দাবি, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে বোমা তৈরির সময়েই ওই বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনায় বোমা তৈরিতে যুক্ত এক ব্যক্তির মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর আহত হন। ইউএপিএ ধারা যুক্ত হওয়ায় শওকত মোল্লার উপর চাপ আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।