ব্যুরো নিউজ, ২২ আগস্ট ২০২৬: দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মীরাদেবীর শারীরিক অবস্থা এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন তিনি। সূত্রের খবর, চিকিৎসার ক্ষেত্রে কোনওরকম সাহায্যের প্রয়োজন হলে রাজ্য সরকার সবরকম সহযোগিতা করবে বলে চিকিৎসকদের আশ্বস্ত করেছেন শুভেন্দু। পাশাপাশি, মীরাদেবীর চিকিৎসায় যেন কোনও খামতি না থাকে, সেই নির্দেশও দিয়েছেন তিনি।
প্রচণ্ড পেটের ব্যথার কারণে গত বৃহস্পতিবার, ২১ অগস্ট, ৭৬ বছর বয়সী মীরা ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক সৌতিক পাণ্ডার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। মীরাদেবীর শারীরিক অবস্থা মূল্যায়ন এবং পরবর্তী চিকিৎসার পদক্ষেপ স্থির করতে একটি বহুবিভাগীয় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে রয়েছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক চিকিৎসক সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট চিকিৎসক শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রিনোলজিস্ট চিকিৎসক সেমন্তী চক্রবর্তী। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মুখ্যমন্ত্রী হাসপাতালে পৌঁছন এবং প্রায় রাত ৮টা পর্যন্ত সেখানেই ছিলেন। এই সাক্ষাৎ রাজনৈতিক সৌজন্যের এক নতুন ছবি তুলে ধরেছে। উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার অসুস্থ মীরাদেবীকে দেখতে তাঁর হাসপাতালে যাওয়া সেই সৌজন্যকেই আরও একবার প্রমাণ করল। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁকে আরও কিছুদিন হাসপাতালে রাখা হতে পারে।








