ইতিহাস গড়ল চিনা রোবট ‘তিয়ানগং’, উসাইন বোল্টের ১০০ মিটার স্প্রিন্টের রেকর্ড ভাঙল ৯.৩৯ সেকেন্ডে!

উসাইন বোল্টের ৯.৫৮ সেকেন্ডের ১০০ মিটার স্প্রিন্টের রেকর্ডকে ছাপিয়ে গেল চিনা রোবট ‘তিয়ানগং আল্ট্রা’। ৯.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করে গড়ল নতুন ইতিহাস।

Share:

ব্যুরো নিউজ, ২৩ আগস্ট ২০২৬: গতির জাদুকর উসাইন বোল্টের (Usain Bolt) বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল চিনের তৈরি একটি রোবট। ১০০ মিটার স্প্রিন্টে মাত্র ৯.৩৯ সেকেন্ড সময় নিয়ে মানুষের পেশিশক্তির একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাল ‘তিয়ানগং আল্ট্রা’ (Tiangong Ultra) নামের এই হিউম্যানয়েড রোবট। ২০০৯ সালে বার্লিনে বোল্ট ৯.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করে যে রেকর্ড গড়েছিলেন, ১৭ বছর পর তা ভেঙে দিল যন্ত্রমানব। ঘটনাটি ঘটেছে বেইজিংয়ে আয়োজিত দ্বিতীয় ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’-এর উদ্বোধনী দিনে।

বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার দ্বারা নির্মিত তিয়ানগং আল্ট্রা এই প্রতিযোগিতায় অংশ নেয়। দৌড়ের শুরুটা অবশ্য ছিল নাটকীয়। স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা অনারের রোবট ‘লাইটিং’-এর থেকে কিছুটা পিছিয়ে থাকলেও, ফিনিশিং লাইনের ঠিক মুখে এসে নিজের যান্ত্রিক ক্ষমতা উজাড় করে দেয় তিয়ানগং। লাইটিং ৯.৪৭ সেকেন্ডে দৌড় শেষ করলেও, তিয়ানগং-কে টপকাতে পারেনি। তবে রেকর্ড গড়লেও, দৌড় শেষে রোবটগুলির থামার ভঙ্গি ছিল না মানুষের মতো শৈল্পিক। রেস শেষ করেই নিয়ন্ত্রণ হারিয়ে সেফটি ম্যাটের ওপর আছড়ে পড়ে তিয়ানগং। অন্যদিকে, যান্ত্রিক গোলযোগে মাটিতে লুটিয়ে পড়ে লাইটিং, যাকে স্ট্রেচারে করে ট্র্যাক থেকে সরাতে হয়। গত বছরের তুলনায় রোবটগুলির পারফরম্যান্সে বিরাট উন্নতি লক্ষ্য করা গেছে, যেখানে প্রথম আসরে তিয়ানগং ২১.৫০ সেকেন্ড সময় নিয়েছিল।

চিনের কাছে রোবোটিক্স শিল্প এখন কেবল বিনোদন নয়, বরং ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষেত্র। এই গেমসে কেবল দৌড় নয়, ফুটবল ম্যাচ, নাচ এবং শিল্পক্ষেত্রের ৫১টি ভিন্ন প্রতিযোগিতা রাখা হয়েছে। মানবজাতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগলবন্দি ভবিষ্যতে খেলার মাঠে আরও কী অঘটন ঘটায়, সেটাই এখন দেখার।