ব্যুরো নিউজ, ২৪ আগস্ট ২০২৬: সংসদের বাদল অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি হলেও, দশদিন পরেও তা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়নি। সাধারণত, লোকসভা ও রাজ্যসভা মুলতবি হওয়ার তিন থেকে চার দিনের মধ্যেই রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারি করে অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। কিন্তু ১৩ আগস্ট অধিবেশন মুলতবি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সেই বিজ্ঞপ্তি জারি হয়নি, যা রাজনৈতিক মহলে তীব্র জল্পনার জন্ম দিয়েছে।
সংসদীয় নিয়ম অনুযায়ী, একটি অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি হলেও, রাষ্ট্রপতির আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া তা আইনিভাবে শেষ হয় না। সংবিধান মোতাবেক, সরকারের সুপারিশ মেনেই রাষ্ট্রপতি অধিবেশন শুরু ও সমাপ্তির কথা ঘোষণা করেন। এই অস্বাভাবিক বিলম্বের কারণ নিয়ে বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে। অনেকেই মনে করছেন, সরকার সম্ভবত নতুন করে কোনও বিশেষ অধিবেশন না ডেকেই কোনও গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর রাস্তা খোলা রাখতে চাইছে। আলোচনায় উঠে আসছে আসন পুনর্বিন্যাস বিলের প্রসঙ্গ।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সরকার হয়তো এই বিলটি নিয়ে দ্রুত কোনও পদক্ষেপ করার পরিকল্পনা করছে, যার জন্য অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি বিলম্বিত করা হচ্ছে। বাজেট অধিবেশন ১৮ এপ্রিল শেষ হওয়ার দু’দিনের মধ্যেই, অর্থাৎ ২০ এপ্রিল, তা সমাপ্ত বলে ঘোষণা করা হয়েছিল। এই প্রেক্ষাপটে বাদল অধিবেশনের দীর্ঘসূত্রিতা স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়াচ্ছে এবং সরকারের কৌশল নিয়ে নানা প্রশ্ন তুলছে।








