নিয়োগ দুর্নীতি: ‘রেট চার্ট’ ফাঁস! গ্রুপ সি, ডি চাকরির দাম বেঁধেছিল পার্থরা, দাবি ইডির চার্জশিটে

এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডির চার্জশিটে ফাঁস 'রেট চার্ট'! গ্রুপ সি, ডি চাকরির জন্য ১৫-১৬ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হত। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের নাম।

Share:

ব্যুরো নিউজ, ২৫ আগস্ট ২০২৬: সএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ‘রেট চার্ট’ ছিল। গ্রুপ সি পদে চাকরির জন্য ১৫ থেকে ১৬ লক্ষ টাকা এবং গ্রুপ ডি পদে চাকরির জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকা নেওয়া হত। এই বিস্ফোরক তথ্য ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

সোমবার জমা দেওয়া এই চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ছাড়াও মধ্যস্থতাকারী কুন্তল ঘোষ এবং প্রসন্ন রায়ের নাম রয়েছে। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর পার্থ ও অর্পিতা বর্তমানে জামিনে মুক্ত হলেও, নতুন করে তাঁদের নাম উঠে আসায় মামলাটি ফের আলোচনার কেন্দ্রে। তদন্তকারীদের দাবি, শুধু টাকা নিয়ে চাকরি দেওয়াই নয়, নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন স্তরেও ব্যাপক কারচুপি করা হয়েছিল। টাকা দেওয়ার বিনিময়ে প্রার্থীদের র‌্যাঙ্কে বদল, অর্থাৎ ‘র‌্যাঙ্ক জাম্প’ করানো হত। এমনকি ওএমআর শিটেও কারচুপির অভিযোগ উঠেছে।

প্যানেলের বাইরে নিয়োগ, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগ এবং পুনর্মূল্যায়নের মাধ্যমে অনিয়মের মতো একাধিক পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। ইডি জানিয়েছে, এই নিয়োগ দুর্নীতির পরিমাণ ইতিমধ্যেই প্রায় ৬৩০.৪ কোটি টাকা বলে তদন্তে উঠে এসেছে। তবে তদন্ত এখনও চলছে এবং এই অঙ্ক আরও বাড়তে পারে। চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলার ক্ষেত্রে একটি সংগঠিত নেটওয়ার্ক কাজ করত। চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়েও গুরুতর অভিযোগ করা হয়েছে। তৎকালীন শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর ক্ষমতার অপব্যবহার করে অবৈধ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হয়েছিল বলে দাবি ইডির।