ব্যুরো নিউজ, ২৬ আগস্ট ২০২৬: পুজো শেষ হতেই কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট হওয়ার সম্ভাবনা। এই দুই পুরসভা নিজেদের দখলে আনতে আটঘাট বেঁধে নামছে বিজেপি। গেরুয়া শিবির কলকাতা কর্পোরেশনের ভোটের ইনচার্জের দায়িত্ব দিয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। অন্যদিকে, হাওড়া পুরসভার ভোটের ইনচার্জ হিসেবে দায়িত্ব পেলেন বর্ষীয়ান বিজেপি নেতা রাহুল সিনহা।
দলীয় সূত্রে জানা গেছে, কলকাতা কর্পোরেশন ভোটে বিজেপির ইনচার্জ হিসেবে সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সহ-ইনচার্জ পদে থাকছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। আহ্বায়ক হিসেবে তাপস রায় এবং সহ-আহ্বায়ক হিসেবে রিতেশ তিওয়ারি সুকান্ত মজুমদারকে সাহায্য করবেন।
রাজ্যে বিধানসভা ভোটে বড় জয় পেয়েছে বিজেপি। বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। এবার পুরভোটের দিকে নজর দিয়েছে বঙ্গ বিজেপি। কলকাতা ও হাওড়া পুরভোটকে পাখির চোখ করছে বিজেপি নেতৃত্ব। আগামী দিনে রাজ্যের অন্যান্য পুরসভাতেও জয় পেতে নীল নকশা শুরু করে দিয়েছেন নেতৃত্ব। এই আবহেই এবার বড় পদক্ষেপ বিজেপির। তারা চাইছে প্রতিটি পুরসভা দখল করে রাজ্যে নিজেদের প্রভাব আরও বাড়াতে। এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।








