ব্যুরো নিউজ, ২৬ আগস্ট ২০২৬: কানপুরে ফের আকাশে বড়সড় বিপর্যয়। বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে এবং একজন কো-পাইলট গুরুতর আহত হয়েছেন বলে খবর। কানপুরের নাত্থু পুরওয়া গ্রামের গঙ্গার ব্যারেজের ধারে বিমানটি সজোরে আছড়ে পড়ে একেবারে টুকরো টুকরো হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলকে খবর দেন।
জানা গিয়েছে, দুই ইঞ্জিনের ছোট বিমানটিতে একজন প্রশিক্ষণরত পাইলট এবং একজন সিনিয়র পাইলট ছিলেন। তাঁদের দু’জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কো-পাইলটকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এমার্জেন্সি টিম এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে ঠিক কী কারণে এই বিমান দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কয়েক দিন আগেই ছিল আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বর্ষপূর্তি। সেই বিভীষিকার স্মৃতি এখনও অনেকের মনে তাজা। সেই দুর্ঘটনার তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি এবং ক্ষতিপূরণ নিয়েও জটিলতা রয়েছে।
এর আগেও দেশে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে, যেখানে অজিত পওয়ারের মতো রাজনৈতিক নেতারও মৃত্যু হয়েছে। সেই সব দুর্ঘটনার কারণও অনেক ক্ষেত্রে অজানা রয়ে গিয়েছে। এবার কানপুরে এই নতুন বিপর্যয় দেশের বিমান সুরক্ষা এবং প্রশিক্ষণ বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে ফের গুরুতর প্রশ্ন তুলল।








