ব্যুরো নিউজ, ৩০ আগস্ট ২০২৬: প্রেমিকার চরিত্র নিয়ে সন্দেহের বশবর্তী হয়ে সফট ড্রিঙ্কসে বিষ মিশিয়ে তাঁকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম বিষ্ণুমায়া (১৯)।
এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক আশিস মগরকে (Ashish Magar) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিষ্ণুমায়া প্রায় দু’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ২৫ অগস্ট আশিস তাঁর প্রেমিকা বিষ্ণুমায়াকে অন্য এক বন্ধুর সঙ্গে বসে থাকতে দেখেন। এর পরেই প্রেমিকার চরিত্র নিয়ে সন্দেহ দানা বাঁধে আশিসের মনে। তাঁর মনে হয়, বিষ্ণুমায়া তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। এই নিয়ে দু’জনের মধ্যে তীব্র বচসাও হয়। তদন্তকারীরা জানিয়েছেন, বচসা কিছুটা শান্ত হওয়ার পর আশিস তাঁর প্রেমিকাকে একটি কোল্ড ড্রিঙ্কস দেন। অভিযোগ, সেই ড্রিঙ্কসে আগে থেকেই বিষাক্ত ট্যাবলেট মিশিয়ে রেখেছিলেন আশিস। তরুণী কোনও সন্দেহ না করেই সেই পানীয় পান করেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে বমি করতে শুরু করেন এবং একসময় লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশ তদন্ত শুরু করে। বিষ্ণুমায়ার আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে আশিসের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানতে পারেন তদন্তকারীরা। পাশাপাশি, শরীর খারাপ হওয়ার আগে আশিসের হাত থেকে সফট ড্রিঙ্কস নেওয়ার বিষয়টিও সামনে আসে। এর পরেই খুনের মামলা রুজু করে আশিসকে গ্রেপ্তার করা হয়। ঘটনার আরও তদন্ত চলছে।








