ব্যুরো নিউজ, ৩১ আগস্ট ২০২৬: সোমবার কলকাতার রাজপথে নেমে এলেন রাজ্য পুলিশে চাকরিপ্রার্থীরা। ফল প্রকাশের দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল মিছিল করেন তাঁরা। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান— ‘এ বার পুজোয় উর্দি চাই’, ‘রেজ়াল্ট ছাড়া ফিরছি না’। হাজার হাজার পরীক্ষার্থীর এই জমায়েত ধর্মতলা চত্বরে ব্যাপক যানজটের সৃষ্টি করে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের জন্য ২০২৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
এরপর ২০২৫ সালের নভেম্বর মাসে লিখিত পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হয়। যাঁরা এই ধাপগুলি উত্তীর্ণ হন, তাঁদের ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। কিন্তু ইন্টারভিউয়ের পর প্রায় সাত মাস কেটে গেলেও এখনও ফল প্রকাশ হয়নি। আন্দোলনকারীদের দাবি, নির্বাচনের কারণে ফল প্রকাশে দেরি হচ্ছে বলে জানানো হয়েছিল। মে মাসে ভোটের ফল প্রকাশিত হলেও, সেপ্টেম্বর মাস শুরু হতে চলল, অথচ নিয়োগের কোনও খবর নেই।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা এই পরীক্ষার্থীরা জানান, পুজোর আগেই ফল প্রকাশ করতে হবে, যাতে তাঁরা এ বারের পুজোয় উর্দি পরে ডিউটি করতে পারেন। তুমুল বৃষ্টির মধ্যেই তাঁরা নিজেদের দাবি নিয়ে পথে নামেন। তাঁদের এই প্রতিবাদী মিছিল শহরের গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল ব্যাহত করে, যার জেরে যাত্রীদের ভোগান্তি হয়। তবে চাকরিপ্রার্থীরা তাঁদের ন্যায্য অধিকারের দাবিতে অনড়।








