ব্যুরো নিউজ, ১০ সেপ্টেম্বর ২০২৬: মধ্যপ্রদেশের ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার দুর্গাপুজোয় আমিষ বারণ সংক্রান্ত মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। বাঙালি অস্মিতায় আঘাতের অভিযোগে বিভিন্ন মহলে ক্ষোভ-বিক্ষোভ দেখা যায়। এই আবহে ভবানীপুর থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পাশাপাশি তাঁর ছবি ও কুশপুতুল পোড়ানোর ঘটনাও ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, “রাজ্যে একজন ধর্মগুরু এসেছিলেন। তাঁর মতো করে তিনি বলেছেন। গ্রহণ করার হলে করবেন, না করার হলে করবেন না। উনি কারও উপর চাপিয়ে দেননি।” তিনি আরও বলেন, “ভবানীপুর থানার সামনে যারা ছবি পুড়িয়েছে, সবাইকে গ্রেপ্তার করতে হবে।” মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর কথায়, একজন ধর্মগুরুর প্রতি এমন অসম্মানজনক আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শুভেন্দু অধিকারী বিরোধীদের তোষণের রাজনীতির অভিযোগ তুলে বলেন, “তোষণের রাজনীতি অনেক করেছেন, তাই আজ এখানে এসে দাঁড়িয়েছে আপনাদের অবস্থা।”
তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ধর্মগুরুর মন্তব্যের প্রতিবাদে ছবি পোড়ানোর ঘটনাকে তিনি আইনশৃঙ্খলার লঙ্ঘন হিসেবেই দেখছেন এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর রাজ্য পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং আগামী দিনে এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে বলে মনে করা হচ্ছে।








