ব্যুরো নিউজ, ১০ সেপ্টেম্বর ২০২৬: আগামীকাল শুক্রবার শ্রীরামপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা স্থগিত হয়ে গেল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। জানা গিয়েছে, বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের দায়ের করা মামলা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গ্রাহ্য করায় আপাতত শুক্রবারের সভা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা।
শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে প্রধান বিচারপতি ঘুগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই মামলার জরুরি শুনানি নির্ধারিত হয়েছে। ঘটনা হল, শুক্রবার দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রায় ৫ হাজার মানুষের জমায়েত নিয়ে একটি মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। বৃহস্পতিবার সেই আর্জির শুনানিতে একক বেঞ্চের বিচারক স্পষ্ট জানিয়ে দেন, কোনও জিটি রোড ছুঁয়ে মিছিল করা যাবে না। পরিবর্তে দুপুর ১টা থেকে ৩টের মধ্যে সর্বোচ্চ ২ হাজার মানুষের উপস্থিতিতে মাহেশ জগন্নাথ মন্দিরের মাঠে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেয় আদালত।
একক বেঞ্চের এই নির্দেশ হাতে পাওয়ার পর বৃহস্পতিবার কয়েক ঘণ্টার মধ্যেই ডিভিশন বেঞ্চের শরণাপন্ন হয় রাজ্য সরকার এবং মাহেশ জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এবং আইনজীবী বিল্বদল ভট্টাচার্য যুক্তি দেন, মাহেশের যে মাঠে সভার নির্দেশ দেওয়া হয়েছে তা ব্যক্তিগত মালিকানাধীন ধর্মীয় সম্পত্তি। মন্দির কর্তৃপক্ষ অনুমতি না দিলে সেখানে রাজ্য বা পুলিশ কীভাবে সভার ব্যবস্থা করতে পারে, এই প্রশাসনিক ও আইনি অসঙ্গতি তুলে ধরেই সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজের আর্জি জানানো হয়। ডিভিশন বেঞ্চে এই টানাপড়েনের প্রশাসনিক জট না ছাড়া পর্যন্ত শুক্রবারের কর্মসূচি স্থগিত রাখার পথেই হেঁটেছেন আয়োজকেরা।








