ব্যুরো নিউজ, ১১ সেপ্টেম্বর ২০২৬: ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়কে এবার দেখা যাচ্ছে এক নতুন ভূমিকায়। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে ডাবলিন গার্ডিয়ান্সের মালিক তিনি। এই নতুন ভূমিকায় দ্রাবিড়কে দেখে মুগ্ধ দলের কোচ বিক্রম রাঠোর। ভারতীয় দল ও আইপিএলে দ্রাবিড়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রাঠোরের।
এতদিন তাঁকে দেখেছেন সাপোর্ট স্টাফের অংশ হিসাবে, কিন্তু এখন দ্রাবিড় দলের মালিক। ডাবলিন গার্ডিয়ান্সের শুরুটা অবশ্য খুব একটা সুখকর হয়নি। প্রতিযোগিতার প্রথম পাঁচটি ম্যাচে তারা জয় পায়নি। তবে এই কঠিন সময়ে মালিক হিসাবে রাহুল দ্রাবিড় যেভাবে দলের পাশে দাঁড়িয়েছেন, তা বিশেষভাবে উল্লেখ করেছেন কোচ রাঠোর।
একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রাঠোর বলেন, “রাহুল মালিকের মতোই আচরণ করছে। খুব বেশি জড়াচ্ছে না, যা খুবই ভালো। তবে ওর মতো একজন মেন্টরকে পাওয়া অসাধারণ ব্যাপার।” রাঠোর আরও যোগ করেন, “রাহুল নিজে দীর্ঘদিন কোচিং করিয়েছে। তাই একটি দল কীভাবে এগোয়, বা ফলাফলের ওঠাপড়া কেমন হতে পারে, তা ও খুব ভালো বোঝে। টানা পাঁচ ম্যাচ হারের পরেও ও আমাদের ভীষণভাবে সমর্থন করেছে।” দ্রাবিড়ের এই সমর্থন দলের মনোবল বাড়াতে সাহায্য করেছে বলে মনে করছেন বিক্রম রাঠোর। ক্রিকেট মাঠে দ্রাবিড়ের নতুন ইনিংস নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দুতে।








