ব্যুরো নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২৬: এ যেন এক উল্টো পুরাণ! যে পদ্মার ইলিশের জন্য ফি বছর অধীর আগ্রহে অপেক্ষা করে এপার বাংলা, সেই ইলিশের ঘাটতি মেটাতেই এবার ভারত থেকে বাংলাদেশে রফতানি হচ্ছে ইলিশ মাছ। গত দু’মাসে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ পাড়ি দিয়েছে ওদেশে, যা এক নতুন রেকর্ড। সাধারণত বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে ভারত, কিন্তু এই বছর বাংলাদেশে ইলিশ উৎপাদন কম হওয়ায় এই চিত্র সম্পূর্ণ বিপরীত।
জানা গেছে, এবারের বর্ষায় বাংলাদেশে ইলিশের উৎপাদন আশানুরূপ হয়নি। তাই ঘাটতি মেটাতে তাদের নজর পড়েছে ভারতের গুজরাটের দিকে, যেখানে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা গুজরাটের ভারুচ বন্দর এবং হাওড়া পাইকারি মাছ বাজার থেকে এই বিপুল পরিমাণ ইলিশ আমদানি করেছে। হাওড়া হোলসেল ফিস মার্কেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ জানান, “আমরা সাধারণত বোয়াল, রুই, পারশে, টেংরা মাছ বাংলাদেশে পাঠাই। তবে এবার ইলিশের ঘাটতি থাকায় প্রথমবার এখান থেকে ইলিশ পাঠানো হলো।”
তিনি আরও বলেন, বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটে ডিম ভর্তি ইলিশের চাহিদা বেশি। গুজরাটের ইলিশে ডিম ভর্তি থাকে বলে তা ওখানকার মানুষের প্রথম পছন্দ। এই মাছের ডিম বের করে তারা প্রসেসিং করে বিদেশে রফতানি করছে। এছাড়াও ইলিশ মাছ শুকিয়ে স্থানীয় বাজারে ভালোই বিকোচ্ছে। মকসুদ সাহেব আরও জানান, পুজোর আগে প্রতি বছর বাংলাদেশ থেকে ইলিশ আসে। তবে এবার নতুন সরকার গঠিত হওয়ায় পদ্মার সুস্বাদু ইলিশ কবে এপারে আসবে, তা এখনো পরিষ্কার নয়। আরও এক-দুই সপ্তাহের মধ্যে প্রায় ১৫০ থেকে ২০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশে পাঠানো হবে।








