ব্যুরো নিউজ, ১৩ সেপ্টেম্বর ২০২৬: প্রেমের সম্পর্কে সন্দেহের জেরে এক তরুণীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল তাঁরই প্রেমিকের বিরুদ্ধে। পুরুলিয়া শহরে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় রবিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রামকৃষ্ণ পল্লির একটি মেস থেকে প্রেমিকার দেহ বস্তাবন্দি করে নদীতে ফেলার সময় হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত প্রেমিক। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম অমিত মাহাতো (২৩)। নিহত তরুণীর নাম প্রীতিকা মাহাতো (২১)। দুজনেই পুরুলিয়ার বাঘমুন্ডি এলাকার বাসিন্দা। উচ্চমাধ্যমিক পাশ করার পর তাঁরা দুজনেই পুরুলিয়া শহরে এসেছিলেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে। অমিত রামকৃষ্ণ পল্লির একটি মেসে থাকতেন, প্রীতিকাও শহরের অন্য একটি মেসে থাকতেন। তাঁদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি অমিতের মনে সন্দেহ দানা বাঁধে যে প্রীতিকা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
এএই সন্দেহের বশেই সে প্রীতিকাকে গলার নলি কেটে খুন করার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলে। খুনের পর দেহ লোপাটের উদ্দেশ্যে অমিত বস্তাবন্দি করে দেহটি নদীতে ফেলার চেষ্টা করছিল। কিন্তু তার এই অপচেষ্টা স্থানীয়দের নজরে আসে। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অমিতকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, জেরায় অমিত প্রেমিকাকে সন্দেহবশত খুনের কথা স্বীকার করেছে। আজ তাকে পুরুলিয়া আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মেসের আবাসিকরাও এই ধরনের ঘটনায় আতঙ্কিত।








