ব্যুরো নিউজ, ১৫ সেপ্টেম্বর ২০২৬: রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ ছড়াল। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাত্র দু’দিনের মাথায় মধ্যমগ্রামে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এক বিস্ফোরক দাবি করে তিনি বলেন, চন্দ্রনাথ খুনের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত এবং শুটারদের ২ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছিল।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তাঁর কাছে এমন তথ্যপ্রমাণ রয়েছে, যেখানে স্পষ্ট যে এই ঘটনার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠরা রয়েছেন। তিনি একাধিক কল রেকর্ডিং শুনেছেন বলেও দাবি করেন, যা এই অভিযোগের সত্যতা প্রমাণ করে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। উল্লেখ্য, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর বিজেপি বাংলায় ক্ষমতায় আসে। এর ঠিক দু’দিন পরেই মধ্যমগ্রামে বাড়ি ফেরার পথে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। এই ঘটনা সেসময় রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল।
দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগে জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী রাজনৈতিক মহলে এক নতুন বিতর্কের জন্ম দিলেন। এই অভিযোগের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অভিযোগের ফলে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চাপানউতোর আরও বাড়বে।








