ব্যুরো নিউজ, ১৭ সেপ্টেম্বর ২০২৬: ইউপিআই (UPI) লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর সরকারি সিদ্ধান্ত ঘিরে কেন্দ্র ও বিরোধীদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই পদক্ষেপকে ‘ইউপিআই ট্যাক্স’ আখ্যা দিয়ে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তবে বিজেপি পাল্টা আক্রমণ শানিয়ে দাবি করেছে, কংগ্রেসের পাঁচ সাংসদ সম্বলিত একটি সংসদীয় কমিটিই ইউপিআই-এর জন্য ধাপে ধাপে রাজস্ব কাঠামো বা MDR চালুর সুপারিশ করেছিল।
বিজেপির বক্তব্য, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, মণীশ তিওয়ারি, গৌরব গগৈয়ের মতো শীর্ষ কংগ্রেস সাংসদরা যখন সংসদীয় অর্থ বিষয়ক কমিটির বৈঠকে এই চার্জ চালুর সুপারিশে কোনও আপত্তি জানাননি, তখন রাহুল গান্ধীর বর্তমান বিরোধিতা ভিত্তিহীন। সংসদীয় কমিটি ইউপিআই ব্যবস্থাকে আর্থিকভাবে টেকসই করতে এবং সাইবার নিরাপত্তা, জালিয়াতি রোধ ও প্রযুক্তিগত পরিকাঠামোয় বিনিয়োগ নিশ্চিত করতে একটি কার্যকর রাজস্ব মডেলের প্রয়োজনীয়তার কথা বলেছিল। কমিটি অবশ্য সব ইউপিআই লেনদেনের উপর একসঙ্গে চার্জ বসানোর কথা বলেনি।
তাদের সুপারিশ ছিল, বিশেষ করে বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট রাজস্ব কাঠামো তৈরি করা যেতে পারে। কমিটির মতে, সরকারি ভর্তুকির উপর দীর্ঘকাল নির্ভর করলে ইউপিআই ব্যবস্থার ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে। তাই ছোট লেনদেন এবং ডিজিটাল পেমেন্ট বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে বড় অঙ্কের লেনদেনের উপর ধাপে ধাপে চার্জ বসানোর কথা বলা হয়েছিল। এই পরিস্থিতিতে রাহুলের ‘ইউপিআই ট্যাক্স’ মন্তব্য এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ঘিরে রাজনৈতিক চাপানউতর তুঙ্গে।








