টাকিতে খাদ্য সুরক্ষা অভিযানের জের, রাতারাতি বদল হোটেল-রেস্টুরেন্টের চেহারায়

টাকিতে খাদ্য সুরক্ষা অভিযানের জেরে হোটেল-রেস্টুরেন্টের রান্নাঘরে আমূল পরিবর্তন। নোংরা পরিবেশ থেকে আধুনিক কিচেন, সরকারি নির্দেশে স্বাস্থ্যসম্মত খাবারের দিকে পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ১৮ সেপ্টেম্বর ২০২৬: রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা অভিযান জোরদার করা হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে বসিরহাট মহকুমার অন্তর্গত টাকি শহরে খাদ্য সুরক্ষা দপ্তরের কড়া নজরদারিতে হোটেল ও রেস্টুরেন্টগুলির চেহারায় এসেছে আমূল পরিবর্তন। খাদ্য সুরক্ষা সপ্তাহ উপলক্ষে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গৃহীত এই কর্মসূচির আওতায় টাকিতে একাধিক হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। পরিদর্শনে নানা অনিয়ম ও অপরিচ্ছন্নতা নজরে আসায় কয়েকটি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে, প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র ও নথি ঠিকঠাক করার পাশাপাশি দোকানের ভেতরের ও বাইরের অপরিচ্ছন্ন পরিবেশ সম্পূর্ণ পরিষ্কার করে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে। যতদিন না নির্ধারিত নিয়ম মেনে প্রয়োজনীয় পরিবর্তন করা হচ্ছে, ততদিন প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই নির্দেশের পরই কার্যত আমূল পরিবর্তনের ছবি দেখা যাচ্ছে। এতদিন যে রান্নাঘর কালি-ঝুলি, ময়লা ও জমে থাকা তেলে অপরিচ্ছন্ন অবস্থায় ছিল, সেই রান্নাঘরই এখন আধুনিক রেস্টুরেন্টের কিচেনের আদলে বদলে যাচ্ছে। কোথাও নতুন টাইলস, কোথাও মার্বেলের মেঝে, আবার কোথাও নতুন রান্নার সামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জাম বসানো হচ্ছে। দেওয়ালে লাগছে নতুন রং, ঝকঝকে চেহারায় ফিরছে একের পর এক খাবারের দোকান। ব্যবসায়ীরা দ্রুত সরকারি নথিপত্রও তৈরি করে নিচ্ছেন। প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তর এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে।

টাকির মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে প্রতিদিন বহু পর্যটক ও সাধারণ মানুষ খাবারের জন্য বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টের উপর নির্ভর করেন। তাই খাবার তৈরির জায়গা পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধ হয়ে যাওয়া কয়েকটি প্রতিষ্ঠানের চোখে পড়ার মতো ভোলবদল দেখে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তাদের প্রত্যাশা, এই ধরনের অভিযান যেন নিয়মিতভাবে চলে, যাতে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবারই তাদের কাছে পৌঁছয়।