ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: টাটা গোষ্ঠীর কর্পোরেট নেতৃত্বে বড়সড় পরিবর্তন! দীর্ঘ ১৬ বছরের চেয়ারম্যান-পর্বের অবসান ঘটিয়ে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের দায়িত্ব ছাড়লেন নোয়েল টাটা। তাঁর জায়গায় সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিশিষ্ট আইনজীবী তথা AZB & Partners-এর সহ-প্রতিষ্ঠাতা বাহরাম ভাকিল। ১১ নভেম্বর সংস্থার পরিচালন পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ নভেম্বর থেকেই নতুন দায়িত্ব কার্যকর হয়েছে।
টাটা গোষ্ঠীর নির্ধারিত গভর্ন্যান্স গাইডলাইন অনুযায়ী, নির্দিষ্ট বয়সে পৌঁছলে নন-এক্সিকিউটিভ ডিরেক্টরদের অবসর নিতে হয়। সেই নিয়ম মেনেই চেয়ারম্যান ও ডিরেক্টর পদ থেকে অবসর নিয়েছেন নোয়েল টাটা। ২০০৪ সালের জুন মাসে সংস্থার বোর্ডে যোগ দিয়েছিলেন তিনি। ২০১০ সালের জুনে চেয়ারম্যানের দায়িত্ব পান। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে চেয়ারম্যান এমেরিটাস পদে নিযুক্ত করা হয়েছে।
বাহরাম ভাকিল দেশের পরিচিত কর্পোরেট আইনজীবীদের অন্যতম। AZB & Partners-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তিনি কর্পোরেট আইন, ঋণ পুনর্গঠন, দেউলিয়া আইন এবং পরিকাঠামো ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞ। ২০২৬ সালের মার্চ মাস থেকে তিনি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান ছিলেন।
একই সঙ্গে অভিজের শব্বির দিওয়ানজিকে পাঁচ বছরের জন্য সংস্থার অতিরিক্ত নন-এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। তবে এই নিয়োগের জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন।









