ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৬: প্রেম ঘটিত বিবাদের জেরে প্রেমিকার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক প্রেমিকের বিরুদ্ধে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন প্রেমিকার ষাটোর্ধ বাবা। এরপর উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে গণপিটুনির শিকার হয়েছেন অভিযুক্ত প্রেমিক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরের ৭ নং ওয়ার্ডের সুকান্ত পল্লীতে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সুকান্ত পল্লীর একটি বাড়িতে হঠাৎই ভয়াবহ আগুন লেগে যায়।
আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয়দের তৎপরতা এবং দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাড়ির ভেতরে আটকে পড়া নরেশ ঘোষ নামের এক ষাটোর্ধ বৃদ্ধ গুরুতর অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা তাঁকে কোনক্রমে উদ্ধার করে দ্রুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। পরে জানা যায়, নরেশ ঘোষের বড় মেয়ে মঞ্জু ঘোষের অভিযোগ, অনিল কুমার সরকার নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেম ঘটিত সম্পর্ক ছিল।
সম্প্রতি সেই সম্পর্কে ব্যাঘাত ঘটতেই অনিল কুমার সরকার প্রতিশোধ নিতে তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা অনিলকে ধরে উত্তম-মধ্যম দেয়। খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বহু কষ্টে অনিল কুমার সরকারকে জনতার রোষ থেকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। বর্তমানে পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








