ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: আন্তর্জাতিক শিল্পক্ষেত্রে আরও বড় পদক্ষেপ ভারতীয় সংস্থা জিন্দাল SAW-এর! সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে বছরে ৩ লক্ষ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক সিমলেস পাইপ কারখানা গড়ে তুলতে চলেছে সংস্থাটি। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস শিল্পে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ।
সংস্থার পরিকল্পনা অনুযায়ী, আবু ধাবির ICAD-II, মুসাফাহ এলাকায় প্রায় ৪ লক্ষ বর্গমিটার জমির উপর তৈরি হবে এই কারখানা। ২০২৭ সালের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
এই কারখানায় ব্যবহার করা হবে অত্যাধুনিক PQF (Precision Quality Finishing) রোলিং প্রযুক্তি। এখানে তৈরি হবে লাইন পাইপ, অয়েল কান্ট্রি টিউবুলার গুডস (OCTG) এবং ড্রিল পাইপ, যা মূলত তেল ও গ্যাস উত্তোলন এবং পরিবহণের কাজে ব্যবহৃত হয়।
সংস্থার দাবি, এই প্রকল্প চালু হলে PQF প্রযুক্তি ব্যবহার করে সিমলেস পাইপ উৎপাদনের ক্ষেত্রে এটি হবে সংযুক্ত আরব আমিরশাহির প্রথম কারখানা এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (MENA) অঞ্চলের দ্বিতীয়।
জিন্দাল SAW-এর ম্যানেজিং ডিরেক্টর স্মিনু জিন্দাল জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে গ্রাহকদের চাহিদা পূরণ, উন্নত প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলাই এই সম্প্রসারণের মূল লক্ষ্য। উল্লেখ্য, সংস্থার আগের বিনিয়োগ পরিকল্পনায় এই প্রকল্পের জন্য প্রায় ৩৩০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগের কথা উঠে এসেছিল। তবে ৬ নভেম্বরের ঘোষণায় নতুন করে বিনিয়োগের অঙ্ক জানানো হয়নি।
বিশেষজ্ঞদের নজর এখন এই প্রকল্পের বাস্তবায়ন এবং বাণিজ্যিক উৎপাদন শুরুর সময়সীমার দিকে। সংস্থার বিনিয়োগকারী বৈঠকে বাণিজ্যিক উৎপাদনের সম্ভাব্য সময় হিসেবে ২০২৮-২৯ অর্থবর্ষের কথাও জানানো হয়েছে।









