ব্যুরো নিউজ, ২০ সেপ্টেম্বর ২০২৬: বিশ্বকর্মা পুজোর রাতে বারাসাত ক্যান্সার হাসপাতাল সংলগ্ন এলাকায় নেশার প্রতিবাদ করায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। আক্রান্ত যুবকের নাম সম্রাট সিংহ, তিনি বারাসাত পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা। এই ঘটনায় তিনি বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বারাসাত ক্যান্সার হাসপাতাল সংলগ্ন কাচারি ময়দান এলাকায় কিছু যুবক নেশায় আসক্ত হয়ে পড়ছিল এবং এলাকায় অশান্তি সৃষ্টি করছিল। সম্রাট সিংহ এই কার্যকলাপের প্রতিবাদ করে আসছিলেন। বিশ্বকর্মা পুজোর রাতে তিনি ফের এই নেশাগ্রস্ত যুবকদের কার্যকলাপের প্রতিবাদ করেন। এর পরেই ওই যুবকেরা তাকে তাড়া করে এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত সম্রাট সিংহ দাবি করেছেন, এলাকার কিছু ছেলে দীর্ঘদিন ধরে এই কাচারি ময়দান ও ক্যান্সার হাসপাতাল সংলগ্ন এলাকায় নেশা করত এবং এলাকা উত্তপ্ত করত। বিশ্বকর্মা পুজোর দিন রাতে তিনি তারই প্রতিবাদ করেন। এই প্রতিবাদের জেরেই তার ওপর আক্রমণ চালায় ওই নেশাগ্রস্ত যুবকেরা। ঘটনার পর সম্রাট সিংহকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ আছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই ধরনের নেশাগ্রস্ত যুবকদের কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছেন। পুলিশের কাছে তাদের দাবি, এই ধরনের ঘটনা রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। বারাসাত থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ সবরকম পদক্ষেপ নিচ্ছে।








