ব্যুরো নিউজ, ২০ সেপ্টেম্বর ২০২৬: আসন্ন ধূপগুড়ি পুরসভা নির্বাচনে ২০টি ওয়ার্ডেই এককভাবে লড়াই করার কথা ঘোষণা করল কংগ্রেস।রবিবার ধূপগুড়ি শহরে এক সাংবাদিক সন্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার। তিনি বলেন, পুরসভার মোট ১৬টি ওয়ার্ড বাড়িয়ে ২০টি করা হয়েছে এবং এই সবকটি ওয়ার্ডেই ‘হাত’ চিহ্নে প্রার্থী দেবে কংগ্রেস। এদিন দুপুরে ধূপগুড়ি থানা রোডের কংগ্রেস কার্যালয়ে দলের কর্মীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সারেন জেলা সভাপতি।
বৈঠক শেষে তিনি জানান, কেউ যদি অন্য কোনও দল থেকে কংগ্রেসে যোগ দিতে ইচ্ছুক হন, তবে তাঁর যোগ্যতা এবং কোনও ক্রিমিনাল কেস পেন্ডিং আছে কিনা, তা খতিয়ে দেখে দলে নেওয়া হবে। এমনকি, আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও, যোগ্যতা বিচার করে তাঁদেরও দলে স্বাগত জানানো হবে। জেলা সভাপতির দাবি, এই মুহূর্তে ধূপগুড়ির মানুষের কাছে কংগ্রেস একটি বিকল্প শক্তি হিসেবে উঠে আসছে।
উল্লেখ্য, ২০০২ সালে গঠিত ধূপগুড়ি পুরসভার প্রথম বোর্ডে সিপিএম ক্ষমতায় আসে, যা ২০০৭ সালেও অটুট ছিল। ২০১২ সালে তৃণমূলের হাতে ক্ষমতা যায় এবং ২০১৭ সালেও তারা বোর্ড গঠন করে। কিন্তু ২০২২ সালে মেয়াদ ফুরোলেও নির্বাচন না হওয়ায় প্রশাসক বসানো হয়েছিল। সম্প্রতি নতুন সরকার ক্ষমতায় আসার পর ধূপগুড়ি সহ রাজ্যের কয়েকটি পুরসভার নির্বাচনের ঘোষণা হয়েছে। কংগ্রেসের এই বৈঠক থেকে স্পষ্ট, রাজনৈতিক দলগুলি পুরভোটের প্রস্তুতি জোরকদমে শুরু করেছে।








