সিজেপি পৌঁছতেই স্কুল ঠিক করার হিড়িক রাজস্থান সরকারের, ৪৭২ স্কুলে বরাদ্দ ৪ হাজার কোটি!

সিজেপি-র 'স্কুল ঠিক করো' অভিযানের প্রভাবে রাজস্থান সরকার ৪৭২টি স্কুলের জন্য ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করল। সৌরভ দাস সরকারের পদক্ষেপকে কটাক্ষ করলেন।

Share:

ব্যুরো নিউজ, ২০ সেপ্টেম্বর ২০২৬:  রাজস্থান সরকার ৪৭২টি সরকারি স্কুলের উন্নয়নের জন্য ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। কাকরোচ জনতা পার্টির (সিজেপি) ‘স্কুল ঠিক করো’ অভিযানের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিজেপি-র সদস্যরা উদয়পুরে পৌঁছানোর দিনই এই বিপুল অর্থ বরাদ্দ ঘোষণা করা হয়, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। গত ১৫ আগস্ট থেকে সিজেপি দেশজুড়ে ‘স্কুল ঠিক করো’ অভিযান শুরু করে। তাদের অভিযোগ ছিল, কেন্দ্র ও রাজ্য সরকার প্রত্যন্ত অঞ্চলের সরকারি স্কুলগুলিকে অবহেলা করছে।

এই অভিযানের অংশ হিসেবে সিজেপি সদস্যরা বিভিন্ন স্কুলে পরিদর্শনে যান। এর আগে রাজস্থানে একটি স্কুল পরিদর্শনে গিয়ে সিজেপি সদস্যরা হামলার শিকার হয়েছিলেন, যার পর প্রশাসন ওই জীর্ণ স্কুল ভবনটি ভেঙে নতুন করে তৈরির উদ্যোগ নেয়। এবার উদয়পুরে সিজেপি-র পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রাজস্থান সরকারের এই অর্থ বরাদ্দকে নিজেদের আন্দোলনের সাফল্য হিসেবে দেখছেন সিজেপি নেতৃত্ব। জানা গেছে, ৪ হাজার কোটি টাকা বরাদ্দ হওয়া ৪৭২টি স্কুলের মধ্যে প্রায় ৩০ শতাংশই উদয়পুর জেলার। সিজেপি-র মুখ অভিজিৎ দীপক, অশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসরা এই ঘটনায় তাঁদের কর্মসূচির প্রতি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। সৌরভ দাস এই ঘটনাকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “রাজস্থানের মানুষ, বলুন আমরা কোথায় যাব। আমাদের পরিদর্শনের আগেই সরকার টাকা বরাদ্দ করছে এবং জায়গা ঠিক করছে!” এই মন্তব্য রাজস্থান সরকারের উপর সিজেপি-র প্রভাব স্পষ্ট করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নতিতে এই বরাদ্দ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।