ব্যুরো নিউজ, ২০ সেপ্টেম্বর ২০২৬: “অশোকনগর তৈলক্ষেত্রে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ হবে না, কাজে গতি আনাই লক্ষ্য।” রবিবার অশোকনগরের ওএনজিসির তেল উত্তোলন প্রকল্প পরিদর্শনে গিয়ে আধিকারিকদের সামনে এমনই স্পষ্ট বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, “আপনাদের কাজ বা পরিচালনাগত কোনও বিষয়ে বিজেপির কোনও কর্মী, সাংসদ বা বিধায়ক নাক গলাবেন না। রাজ্যের খনিজ সম্পদ নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়।”
গত ২৮ আগস্ট থেকেই অশোকনগরের বাইগাছির তেলক্ষেত্রে বাণিজ্যিকভাবে ক্রুড অয়েল উৎপাদন শুরু হয়েছে। এই প্রকল্প রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, শমীক ভট্টাচার্য একইসঙ্গে এই প্রকল্পের কাজ এতদিন আটকে থাকার জন্য পূর্বতন রাজ্য সরকারের অসহযোগিতাকে দায়ী করেছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি পেট্রোলিয়াম মাইনিং লিজ (পিএমএল) প্রসঙ্গে বলেন, “পেট্রোলিয়াম মন্ত্রী আমাকে জানিয়েছিলেন, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে ১৯টি চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনও সহযোগিতা পাওয়া যায়নি।” বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে যেমন তিনি প্রকল্পের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ না করার বার্তা দিয়েছেন, তেমনই অন্যদিকে পূর্বতন সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। এই প্রকল্পের ভবিষ্যৎ এবং রাজ্য-কেন্দ্রের মধ্যে সহযোগিতা কতটা মসৃণ হবে, তা এখন দেখার বিষয়। অশোকনগরের এই তৈলক্ষেত্র থেকে তেল উত্তোলনের কাজ নির্বিঘ্নে চললে তা রাজ্যের সার্বিক উন্নয়নে সহায়ক হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।








