ক্যানসারে জীবনাবসান বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের, শোকের ছায়া টলিউডে

বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের জীবনাবসান। ৭১ বছর বয়সে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘স্বয়ংসিদ্ধা’ খ্যাত এই শিল্পী। শোকস্তব্ধ টলিউড।

Share:

ব্যুরো নিউজ, ২১ সেপ্টেম্বর ২০২৬:  বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের জীবনাবসানে শোকস্তব্ধ টলিউড। রবিবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘স্বয়ংসিদ্ধা’ ও ‘মৌচাক’ খ্যাত এই অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মারণরোগ ক্যানসারের সঙ্গে দীর্ঘ এক বছরের লড়াই শেষে হার মানলেন তিনি। সাত ও আটের দশকে বাংলা সিনেমার পর্দায় মিঠু মুখোপাধ্যায়ের উপস্থিতি ছিল এক ভিন্ন আকর্ষণ।

তাঁর গোলপানা মিষ্টি মুখ, সৌন্দর্য এবং সাবলীল অভিনয় দর্শককে মুগ্ধ করত। অল্প সময়ের অভিনয় জীবনে তিনি এমন কিছু ছবিতে কাজ করেছেন যা আজও বাংলা ছবির দর্শকের মনে গেঁথে রয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার নিজের বাড়ি বিক্রি করে মুম্বইয়ে স্থায়ীভাবে বসবাস করছিলেন মিঠু মুখোপাধ্যায়। সেখানেই তাঁর ক্যানসারের চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হল না। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। ১৯৭০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিস্তৃত ছিল মিঠু মুখোপাধ্যায়ের অভিনয় জীবন। শুধু বাংলাই নয়, টলিউডের গণ্ডি পেরিয়ে তিনি হিন্দি ও ওড়িয়া ছবিতেও অভিনয় করেছিলেন। তবে শেষ জীবনটা তিনি লোকচক্ষুর আড়ালেই কাটিয়েছেন। তাঁর প্রয়াণে চলচ্চিত্র মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বহু গুণী শিল্পী ও কলাকুশলী তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। মিঠু মুখোপাধ্যায়ের অসামান্য অভিনয় প্রতিভা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।