ব্যুরো নিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২৬: জাতীয় ও রাজ্য সড়কের পাশাপাশি এবার জিটি রোড এবং বাস চলাচলকারী রুটেও টোটো নিষিদ্ধ করল পরিবহণ দপ্তর। নির্দেশ অমান্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে জানানো হয়েছে। পরিবহণ দপ্তরের প্রধান সচিব রবি ইন্দর সিং রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিয়ে এই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার কথা জানিয়েছেন। দপ্তর সূত্রে খবর, ২০১৪ সালের কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, ই-রিকশা বা টোটো শুধুমাত্র স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য (লাস্ট মাইল কানেক্টিভিটি) ব্যবহার করার কথা।
২০১৬ সালের রাজ্য পরিবহণ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট স্থানীয় রাস্তায় টোটো চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। তবে, অভিযোগ উঠেছে যে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাতীয় ও রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে টোটো চলাচল করছে। এর ফলে একদিকে যেমন যানজট তৈরি হচ্ছে, তেমনই দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
এই পরিস্থিতি মোকাবিলায় পরিবহণ দপ্তর কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জেলার আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নিষিদ্ধ রাস্তায় টোটো চলাচল অবিলম্বে বন্ধ করা হয়। এখনও দেখা যাচ্ছে, জেলার বিভিন্ন অংশে জিটি রোডে বে-আইনিভাবে টোটো যাত্রী নিয়ে ছুটছে, যা রাজ্য সড়কের অন্তর্ভুক্ত। পরিবহণ দপ্তরের এই কড়া পদক্ষেপে যান চলাচল সুগম হবে এবং দুর্ঘটনা কমবে বলে আশা করা হচ্ছে।








