মালদায় আবাস যোজনার ভুয়ো ফর্ম বিলি করে কাটমানি! ভিডিও ভাইরাল হতেই কংগ্রেস পঞ্চায়েত সদস্য পলাতক, শুরু তরজা

মালদায় আবাস যোজনার ভুয়ো ফর্ম বিলি করে ৫ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ কংগ্রেস পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত পলাতক, শুরু রাজনৈতিক তরজা।

Share:

ব্যুরো নিউজ , ২৪ সেপ্টেম্বর ২০২৬: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ভুয়ো ফর্ম বিলি এবং কাটমানি নেওয়ার অভিযোগে মালদায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বাড়ি বাড়ি গিয়ে পাঁচ হাজার টাকা করে কাটমানি নেওয়ার পাশাপাশি টাকা না দিলে নাম কেটে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই সদস্যের বিরুদ্ধে।

সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই অভিযুক্ত পঞ্চায়েত সদস্য পলাতক। ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের মহেন্দ্রপুরে। অভিযুক্ত কংগ্রেস পঞ্চায়েত সদস্যের নাম রঞ্জন স্বর্ণকার। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রঞ্জন স্বর্ণকার আবাসের ঘরের জন্য একটি ভুয়ো ফর্ম বিলি করে এবং তার বিনিময়ে পাঁচ হাজার টাকা কাটমানি দাবি করে। টাকা না দিলে উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার হুমকিও দেওয়া হয়।

পরে জানা যায়, ওই ফর্মগুলি ভুয়ো এবং একাধিক বাড়ি থেকে একইভাবে টাকা নেওয়া হয়েছে।এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর উপভোক্তারা হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত রঞ্জন স্বর্ণকার এলাকা ছেড়ে পালিয়েছে। এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি কটাক্ষ করে বলেছে, তৃণমূল এবং কংগ্রেস একই মুদ্রার এপিঠ ওপিঠ, দুর্নীতি এদের স্বভাব। অন্যদিকে, কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে সাফাই দিয়েছে। সমগ্র ঘটনায় মালদার রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।