ব্যুরো নিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২৬: পশ্চিমবঙ্গে অতিগভীর নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপটি বুধবার রাতে স্থলভাগে প্রবেশ করেছে এবং বর্তমানে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশার উপর অবস্থান করছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১২ ঘণ্টা এর তীব্রতা বজায় থাকবে, তারপর ধীরে ধীরে শক্তি হারিয়ে দুর্বল হবে। এর জেরে বৃহস্পতিবার রাজ্যজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের ৬টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা। এই জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার থেকে পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে।
শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার রাতভর পাহাড়ের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং আবহাওয়া দফতরের নির্দেশিকা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।








